নেত্রকোণায় ১০ মাসে মাদক, চোরাচালানের মামলায় ১৩০০ গ্রেপ্তার
এ সময় প্রায় তিন কোটি ২৬ লাখ টাকার ভারতীয় মদ ও মাদক উদ্ধার করা হয়।
নেত্রকোণায় ১০ মাসে মাদক, জুয়া ও চোরাচালানের মামলায় এক হাজার ৩০০ বেশি আসামিকে গ্রেপ্তারের কথা জানিয়েছে জেলা পুলিশ।
এ সময় প্রায় তিন কোটি ২৬ লাখ টাকার ভারতীয় মদ, ফেনসিডিল, চিনি, গাঁজা, ইয়াবা, হেরোইন ও নানা ধরনের নেশাজাতীয় ট্যাবলেট ও ইনজেকশান উদ্ধার করা হয়েছে।
সোমবার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার ফয়েজ আহমেদ এ তথ্য জানান।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গত বছরের ২২ অগাস্ট থেকে চলতি বছরের ২৪ জুন নাগাদ ২২০টি চোরাচালান মামলায় ৩৭৭ জন, মাদকের ৫০৯টি মামলায় ৮২৬ জন ও জুয়া আইনের ২৮টি মামলায় ১৬৬ জনকে গ্রেপ্তার করা হয়।
এই সময়ে ৪ হাজার ১২ বোতল ভারতীয় মদ, ২২৭ বোতল ফেনসিডিল, ৪৭ হাজার ৪৭৬ কেজি চিনি, ৯১৪টি ভারতীয় কম্বল, ২০০ কেজি ৪১৮ গ্রাম গাঁজা, ১৬ হাজার ৯৯০ পিস ইয়াবা, ৮২৯ গ্রাম হেরোইন, ৪৮৫ লিটার চোলাই মদ, ১৬ হাজার ৫১৭ পিস টাপেন্ডাডল, ৬৬ অ্যাম্পুল ইনজেকশন উদ্ধার করা হয়। এ ছাড়া উদ্ধার করা হয়েছে চুরি হওয়া ২৫টি গরু এবং ১১টি মোটরসাইকেল।
সংবাদ সম্মেলনে ঈদে নিরাপত্তা নিয়ে এক প্রশ্নের জবাবে ফয়েজ আহমেদ বলেন, জেলায় সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। মোবাইল টিম, মোটরসাইকেলে টহল দল, বাসস্ট্যান্ড কেন্দ্রিক আলাদা নিরাপত্তা, সাদা পোশাকে পুলিশি টহল, গরুর হাট, ঈদ জামাত, বাসাবাড়ি, ব্যাংকসহ অফিস আদালতের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
