নড়াইলে নৌকাডুবি: আরও দুজনের মরদেহ উদ্ধার, নিখোঁজ ২
এ নিয়ে মোট চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
নড়াইলের কালিয়া উপজেলায় নৌকাডুবিতে নিখোঁজ আরও দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মোট চারজনের মরদেহ উদ্ধার করা হলো; এখনও নিখোঁজ রয়েছে দুজন।
ঘটনার দুদিনের মাথায় রোববার দুপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা এ দুজনের মরদেহ উদ্ধার করে বলে জানান কালিয়া থানার ওসি শেখ তাসমিম আলম।
এ দুজন হচ্ছেন- কালিয়া উপজেলার বাবুপুর গ্রামের টুকু চৌকিদারের ছেলে লাবু (৩২) এবং উপজেলার জোকার চর গ্রামের মতিয়ার শেখের ছেলে খানজে শেখ (৫৫)। এর মধ্যে লাবু হামিদপুর ইউনিয়ন পরিষদে গ্রাম পুলিশ হিসেবে কর্মরত ছিলেন।
ওসি বলেন, বেলা ১২টার দিকে লাবু এবং দুপুর ১টার দিকে খানজে শেখের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের খুলনার ডুবুরিরা।
পুলিশ জানায়, পার বাহিরডাঙ্গা গ্রামে নাজমা বেগমের দাদির মৃত্যুর খবর শুনে ১৮-২০ জন আত্মীয়-স্বজন ও প্রতিবেশী বাহিরডাঙ্গা গ্রাম থেকে নৌকাযোগে রওনা দেন। নবগঙ্গার মাঝে নৌকাটি ডুবে যায়। সাঁতরে কয়েকজন পাড়ে উঠতে পারলেও ছয় জন নিখোঁজ হন।
খোঁজাখুঁজির এক পর্যায়ে রাতে স্থানীয়রা উপজেলার বাবুপুর গ্রামের আব্দুল জলিলের স্ত্রী নাজমা বেগম (৩০) ও ছেলে নাসিমের (২) মরদেহ উদ্ধার করে।
রোববার আরও দুজনের মরদেহ পাওয়া গেল। মরদেহ দুটি আইনি প্রক্রিয়ায় নৌ-পুলিশের কাছে হস্তান্তর করা হবে। এখনও দুজন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
নিখোঁজ ব্যক্তিরা হলেন- উপজেলার বাহিরডাঙ্গা গ্রামের এনামুল মণ্ডলের ছেলে রয়েল মণ্ডল (২৭), এনামুল মণ্ডলের বড় মেয়ের স্বামী ও কালিয়া গ্রামের মৃত খালেক শেখের ছেলে মাহমুদ শেখ (৪১)।
