২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির সাবেক ডিজির বিরুদ্ধে অভিযোগপত্র

আসামিরা যোগসাজশে অসৎ উদ্দেশে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য সরকারি প্রকল্পের টাকা আত্মসাৎ করেছেন বলে মামলায় অভিযোগ করা হয়।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2022, 11:21 PM

Updated : 27 Jul 2022, 11:21 PM

বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির সাবেক ভারপ্রাপ্ত মহাপরিচালকসহ দুই জনের বিরুদ্ধে একটি অর্থ আত্মসাতের মামলায় অভিযোগপত্র দিয়েছে দুর্নীতি দমন কমিশন-দুদক।

বুধবার বগুড়া জেলা জজ আদালতে অভিযোগপত্রটি দেওয়া হয় বলে দুদকের সহকারী পরিদর্শক নুরুল ইসলাম বাদল জানান।

এ মামলার দুই আসামি হলেন একাডেমির সাবেক ভারপ্রাপ্ত মহাপরিচালক এমএ মতিন ও সাবেক পরিচালক মাহমুদ হোসেন খাঁন।

আদালত আগামী ২ অগাস্ট এ মামলার শুনানির দিন ধার্য করেছে।

২০১৯ সালের ৩ এপ্রিল দুর্নীতির অভিযোগে জেলার শেরপুর থানায় সাতজনের বিরুদ্ধে করা এই মামলায় ২ কোটি ৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়। অভিযোগপত্রে পাঁচ জনকে অব্যাহতির আবেদন করা হয়।

মামলার নথি থেকে জানা যায়, গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং আধুনিক নাগরিক সুযোগ-সুবিধার সমবায়ভিত্তিক বহুতল ভবন নির্মাণ প্রকল্প ‘পল্লী জনপদ’ -এ ৪২৭ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়।

অভিযোগে বলা হয়, রাজশাহী বিভাগের বগুড়ার শাজাহানপুর, খুলনার রূপসা, চট্টগ্রামের কক্সবাজার, রংপুরের গঙ্গাচড়া, ঢাকার গোপালগঞ্জ এবং বরিশালে সরকারি বিধিমতে জমি অধিগ্রহণ করা কথা। কিন্তু গোপালগঞ্জ বাদে অন্য কোনো এলাকায় সরকারি বিধিমতে জমি অধিগ্রহণ করা হয়নি।

জমি ক্রয়ের জন্য কোনো অধিগ্রহণ প্রক্রিয়া মানা হয়নি বলেও মামলায় অভিযোগ করা হয়।

অভিযোগে আরও বলা হয়, আসামিরা যোগসাজশে অসৎ উদ্দেশে ব্যক্তিস্বার্থে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য অর্পিত ক্ষমতা অপব্যবহারের মাধ্যমে সরকারি প্রকল্পের টাকা আত্মসাৎ করেছেন। তারা ইচ্ছে মত কবলা দলিল নিবন্ধন করে সরকারের ২ কোটি ৫ লাখ ৬ হাজার ৯২২ টাকা ক্ষতি করেছেন।

দুদকের সহকারী পরিচালক ও মামলার বাদী (বর্তমানে রাঙামাটিতে কর্মরত) আমিনুল ইসলাম বলেন, “এই জমি কেনার ঘটনায় প্রতি শতকের মূল্য দেখানো হয়েছে অন্তত ১ লাখ ৩০ হাজার টাকা। কিন্তু প্রতি শতকের জন্য বিক্রেতাদের দেওয়া হয়েছে ৫০ থেকে ৬০ হাজার টাকা।”

অভিযোগের বিষয়ে জানার জন্য আরডিএর সাবেক পরিচালক এমএ মতিনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে পাওয়া যায়নি।