টাঙ্গাইলে ডেঙ্গুতে একজনের মৃত্যু
জেলায় গত ২৪ ঘণ্টায় ২১ রোগীর ডেঙ্গু শনাক্ত হয়েছে।
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক খন্দকার সাদেকুর রহমান জানান।
ডেঙ্গু মৃত ৫২ বছর বয়সি আলমগীর মিয়া দেলদুয়ার উপজেলার হিঙ্গানগর গ্রামের বাসিন্দা।
হাসপাতালের তত্ত্বাবধায়ক খন্দকার সাদেকুর বলেন, “বুধবার বেলা ৩টার দিকে আলমগীর জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হন। পরীক্ষা-নিরীক্ষার পর তার ডেঙ্গু শনাক্ত করা হয়। বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়।”
টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মো. মিনহাজ উদ্দিন মিয়া জানান, জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন ২১ রোগী।
তিনি বলেন, নতুন আক্রান্তদের মধ্যে টাঙ্গাইল সদর উপজেলায় ৯, নাগরপুর উপজেলায় পাঁচ, মির্জাপুর উপজেলায় দুই, সখীপুর উপজেলায় দুই, মধুপুর উপজেলায় এক ও গোপালপুর উপজেলায় দুই জন।
সিভিল সার্জন বলেন, জেলায় চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন ৩০২ রোগী। সুস্থ হয়েছেন ২৩৮ জন। বিভিন্ন হাসপাতাল চিকিৎসাধীন আছেন ৬৪ জন।
