কাশিমপুর কারাগারে যাবজ্জীবন সাজা পাওয়া এক বন্দির মৃত্যু
তালেব সুনামগঞ্জের জগন্নাথপুর থানার একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ছিলেন বলে জানায় কারাকর্তৃপক্ষ।
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক বন্দির মৃত্যু হয়েছে।
সোমবার ভোরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার-১ এর জেল সুপার সুব্রত কুমার বালা জানান।
নিহত মো. তালেব উদ্দিন (৬২) সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার খাগাউড়া গ্রামের বাসিন্দা। তিনি জগন্নাথপুর থানার একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ছিলেন।
জেল সুপার সুব্রত কুমার বালা বলেন, রোববার রাত ৩টার দিকে তালেব হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে তাকে প্রথমে কারা হাসপাতালে ও পরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোর ৫টার দিকে তিনি মারা যান। তিনি দীর্ঘদিন ধরে হৃদ্রোগে ভুগছিলেন।
তিনি আরও বলেন, গত ১ অক্টোবরও তাকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি চিকিৎসা নিয়ে ৪ অক্টোবর কারাগারে ফেরেন।
“তালেব ২০১২ সালের ৬ জুন সিলেট জেলা কারাগার থেকে কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারে স্থানান্তর করা হয়েছিল।”
কারাবিধি শেষে মরদেহ ময়নাতদন্তের পর পরিবারের নিকট হস্তান্তর করা হবে বলে জানান এই জেল সুপার।
