বেনাপোল দিয়ে ভারত থেকে এল ১০৪টি মহিষ
মহিষগুলো বাগেরহাটের ফকিরহাট উপজেলায় মহিষ উন্নয়ন প্রকল্প খামারে নেওয়া হবে বলে জানান রাজস্ব কর্মকর্তা।
যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে শুল্ক ছাড়াই ১০৪টি মহিষ আমদানি করা হয়েছে।
শনিবার বিকালে ভারতীয় সাতটি ট্রাকে ছোট-বড় আকারের এ মহিষের চালান বন্দরে এসে পৌঁছায় বলে বেনাপোল চেকপোস্ট কাস্টমস কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা আজিজ খান জানান।
তিনি বলেন, ঢাকার ‘জেনটেক ইন্টারন্যাশনাল লিমিটেড’ মহিষগুলো আমদানি করেছে। আর রপ্তানিকারক প্রতিষ্ঠান ভারতের নোরায়াল ডেইরি ফার্ম। শুল্ক ছাড়াই এসব মহিষ বন্দর থেকে ছাড়পত্র দেওয়া হবে।
কাগজপত্রের তথ্য মতে, মহিষের আমদানি মূল্য এক লাখ ১৭ হাজার ৬৪৭ মার্কিন ডলার; যা বাংলাদেশি অর্থে এক কোটি ৩৮ হাজার ৮২৩ লাখ টাকা বলে জানান রাজস্ব কর্মকর্তা আজিজ।
মহিষগুলো বাগেরহাটের ফকিরহাট উপজেলায় মহিষ উন্নয়ন প্রকল্প খামারে নেওয়া হবে বলে তিনি জানান।
শার্শা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বিনয় কৃষ্ণ মণ্ডল বলেন, প্রাথমিকভাবে স্বাস্থ্য পরীক্ষা করে মহিষগুলো ভালো পাওয়া গেছে। প্রাণিসম্পদ বিভাগের সরকারি শুল্ক আদায় করে যথাযথভাবে ছাড়পত্র দেওয়া হবে।
আমদানি করা মহিষ দেশে দুধের চাহিদা ও মহিষের বিস্তার বাড়াতে বড় ভূমিকা রাখবে বলে জানান এই কর্মকর্তা।
বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক রেজাউল ইসলাম বলেন, কাস্টমস হাউজ থেকে মহিষগুলো খালাস পেতে মুক্তি এন্টারপ্রাইজ নামের সি অ্যান্ড এফ এজেন্ট প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করেছে। মহিষগুলো যাতে দ্রুত গন্তব্যে পৌঁছায় সেজন্য সব ধরনের সহযোগিতা করা হচ্ছে।
