২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৪০ বছর পর বাপ-দাদার ভিটায় ফিরলেন একলিমা

হারিয়ে যাওয়ার চার দশক পর পাকিস্তান থেকে বাংলাদেশে ফিরেছেন একলিমা বেগম।

৪০ বছর পর বাপ-দাদার ভিটায় ফিরলেন একলিমা

হারিয়ে যাওয়ার চার দশক পর দেশে ফেরায় একলিমা বেগমকে ফুল দিয়ে বরণ করে নেন স্বজনরা।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2022, 11:12 PM

Updated : 11 Nov 2022, 11:12 PM

স্বামীর মৃত্যুর পর মানসিক ভারসাম্য হারিয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন একলিমা বেগম, সেখানে নতুন করে সংসারও পাতেন; কিন্তু ফেইসবুকের কল্যাণে চার দশক পর মাতৃভূমি বাংলাদেশে ফিরে এসেছেন তিনি।

বৃহস্পতিবার বেলা ১২টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন ৬৫ বছর বয়সী একলিমা। সঙ্গে ছিলেন তার দ্বিতীয় পক্ষের বড় ছেলে আশরাফ।

বিমানবন্দর থেকে একলিমা সরাসরি চলে যান সাতক্ষীরার তালা উপজেলার গঙ্গারামপুর গ্রামে বাপ-দাদার ভিটায়। স্বজনরা ফিতা কেটে ফুল দিয়ে বরণ নেন তাকে।

Image

একলিমা বেগমকে দেখতে ভিড় জমান স্থানীয়রা।

একলিমার বড় ভাইয়ের ছেলে জাকারিয়া শেখ বলেন, ৬৫ বছর বয়সী একলিমা সবাইকে চিনতে না পারলেও স্বজনরা তাকে পেয়ে খুব খুশি। তাকে দেখতে বাড়িতে ভিড় করছেন আশপাশের এলাকার মানুষ।

জাকারিয়া জানান, প্রথম স্বামীর মৃত্যুর পর ১৯৮২ সালে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন তার ফুফু। বাড়ি থেকে নিঁখোজ হয়ে যান। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করেও কোনো হদিস পায়নি।

“চার মাস আগে ফেইসবুকে তার খোঁজ মেলে। জানতে পারি পাকিস্তানের শিয়ালকোটের দিলওয়ালীতে তিনি আছেন। তারপর থেকে ফেইসবুকেই তার সঙ্গে বাড়ির সবার নিয়মিত কথা হচ্ছিল।

Image

১৯৮২ সালে মানসিক ভারসাম্য হারিয়ে নিখোঁজ হয়েছিলেন একলিমা বেগম।

“ফুফু দেশে আসার প্রবল আগ্রহ প্রকাশ করেন। পরে পাকিস্তানে থাকা তার ছেলেদের সহযোগিতায় ভিসা প্রসেসিং সম্পূর্ণ হয়। চার মাসের ভিসা নিয়ে বৃহস্পতিবার দেশে আসেন তিনি।”

কীভাবে একলিমা পাকিস্তান চলে যান তার কিছুই মনে নেই। শুধু তার বাবা-মা, ভাই ও গঙ্গারামপুর গ্রামের নামটি মনে আছে।

একলিমার প্রথম পক্ষের ছেলে হেকমত আলী বলেন, “দীর্ঘ ৪০ বছর পর মাকে পেয়েছি। মাকে জীবনে আর কখনও ফিরে পাব, এই আশা ছিল না। কিন্তু মা সবাইকে চিনতে পারছে না।”