২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুলিয়ায় তিন বছরের শিশুকে গলা কেটে হত্যা

ভাড়া বাড়ির গোসলখানায় শিশুটির মরদেহ পাওয়া যায়।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2022, 01:10 AM

Updated : 27 Jul 2022, 01:10 AM

ঢাকার আশুলিয়ায় তিন বছরের এক শিশুর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার বিকালে আশুলিয়ার ইয়াপুরের একটি ভাড়া বাড়ি থেকে ওই শিশুর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) আলামত সংগ্রহ করেছে।

নিহত এই মেয়ের বাড়ি লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার চর আবাবিল গ্রামে। পোশাক শ্রমিক বাবা-মায়ের সঙ্গে এই ভাড়া বাসায় বসবাস করত। বাবা-মা কর্মস্থলে চলে গেলে আট বছর বয়সী বড় ভাইয়ের সঙ্গে থাকত মেয়েটি।

আশুলিয়া থানার এসআই মাসুদ আল মামুন জানান, দুপুরের পর শিশুটির খালাতো ভাই তাকে কক্ষে না পেয়ে বিভিন্ন জায়গায় খোজাখুঁজি করে। পরে গোসলখানায় গিয়ে দরজা খুলতেই দেখে শিশুটির মরদেহ পড়ে আছে। পরে তার বাবা-মা ও পুলিশ খবর দেওয়া হয়।

গোসলখানার ভেতর থেকে একটি ব্লেড জব্দ করা হয়েছে বলে মামুন জানান।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জব্দকৃত ব্লেডটি দিয়ে শিশুটিকে হত্যা করা হয়েছে। সুরহাতাল শেষ করে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি জানান, খবর পেয়ে পিবিআই ঘটনাস্থলে পরিদর্শন করে আরও আলামত সংগ্রহ করেছে। তদন্তের স্বার্থে ওই বাড়ির কয়েকজন ভাড়াটিয়াকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

নিহত শিশুর খালাতো ভাই এক কিশোর বলেন, তাদের বাসা একটু দূরে। দুপুরে মেয়েটির ভাই গিয়ে জানতে চায় তাদের বাসায় মেয়েটি গেছে কিনা।

“তখন তাকে আমরা খুঁজতে থাকি। বাড়ি ও আশেপাশে খুঁজেও পাইনি। বাড়ির গোসলখানার দরজাগুলো লাগানো ছিল। একটা ধাক্কা দিয়ে দেখি বন্ধ। পরেরটা ধাক্কা দিলে দেখি ভিতরে পড়ে আছে। পাশে একটা ব্লেড পড়েছিল।”

পরে সে দৌড়ে গিয়ে তার মামিকে জানায় এবং মামি সবাইকে জানান বলে এই কিশোর জানায়।

এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।