২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রূপগঞ্জে গুলিবিদ্ধ সেই বাবুর্চি মারা গেছেন

মঙ্গলবার দুপক্ষের সংঘর্ষের মধ্যে গুলিবিদ্ধ হয়েছিলেন বিল্লাল হোসেন হাওলাদার।

রূপগঞ্জে গুলিবিদ্ধ সেই বাবুর্চি মারা গেছেন

বিল্লাল হোসেন হাওলাদার

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2023, 12:13 AM

Updated : 02 Jun 2023, 12:35 AM

নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুদিন আগে দুপক্ষের সংঘর্ষের মধ্যে গুলিবিদ্ধ সেই হোটেল বাবুর্চি মারা গেছেন৷

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সন্ধ্যায় বিল্লাল হোসেন হাওলাদার মারা যান৷

বিল্লাল গত দুই দিন এ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বলে জানান হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া৷

গত মঙ্গলবার বিকালে রূপগঞ্জ উপজেলার বরপা এলাকায় দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হন বিল্লাল৷ তিনি বরপা এলাকার ‘প্রিন্স হোটেল’র বাবুর্চি ছিলেন৷ ঘটনার সময় তিনি হোটেলে কাজ করছিলেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, মঙ্গলবার বিকালে বরপা এলাকার এক যুবকের মোটারসাইকেলের সঙ্গে একটি মাইক্রোবাসের ধাক্কা লাগে৷ পরে মোটরসাইকেলের চালক মাইক্রোবাসের চালককে মারধর করেন৷

পরে এক ব্যক্তি বিষয়টি মীমাংসার জন্য চেষ্টা করেন এবং মাইক্রেবাস চালককে তিনি ছেড়ে দেন৷ এ নিয়ে তার সঙ্গে মোটরসাইকেল আরোহীর তর্ক হয়। পরে দুই পক্ষের মধ্যে মারামারি বাধে৷ দুই পক্ষই মারামারি করতে করতে হোটেল প্রিন্সের ভেতরে ঢুকে যায়৷

পুরনো খবর:

নারায়ণগঞ্জে ‘তুচ্ছ ঘটনায়’ দুপক্ষের সংঘর্ষে বাবুর্চি গুলিবিদ্ধ

সেখানে গোলাগুলি হলে হোটেলের বাবুর্চি বিল্লাল হোসেন হাওলাদার গুলিবিদ্ধ হন৷ এ ঘটনায় উভয়পক্ষের আরও কয়েকজন আহত হন৷

ঘটনার পরপরই বিল্লাল হাওলাদারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়৷ তার পেটের নিম্নাংশে গুলি লাগে বলে জানায় পুলিশ৷

বিল্লাল হোসেন বরিশালের মুলাদির বোয়ালিয়া গ্রামের আব্দুল হাকিম হাওলাদারের ছেলে৷ পরিবার নিয়ে রূপগঞ্জের তারাব পৌরসভার আড়িয়াব এলাকায় ভাড়া বাসায় থাকতেন৷

রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান বলেন, সংঘর্ষে গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় গত বুধবার বিল্লালের স্ত্রী সাজেদা বেগম বাদী হয়ে ২১ জনের নাম উল্লেখসহ আরও ৩০-৩৫ জনকে অজ্ঞাত আসামি করে একটি মামলা দায়ের করেন৷ এই মামলার এজাহারনামীয় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ অন্য আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে৷

গ্রেপ্তার আসামিরা হলেন রূপগঞ্জ উপজেলার বরপার মামুন (২৩) ও একই এলাকার অপু সাউদ (৩০)।