২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লাইসেন্স নেই পেট্রোলিয়াম বিক্রির, ৩ ফিলিং স্টেশনে জরিমানা

অভিযানের সময় প্রতিষ্ঠান তিনটির মালিকরা কেউই পেট্রোলিয়াম বিক্রির লাইসেন্স দেখাতে পারেননি।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2022, 11:27 AM

Updated : 24 Sep 2022, 11:27 AM

গাজীপুরের কালীগঞ্জে পেট্রোলিয়াম বিক্রির লাইসেন্স না থাকায় তিন ফিলিং স্টেশনের মালিককে ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার সন্ধ্যায় জয়দেবপুর-ইটাখোলা সড়কের জাঙ্গালিয়া ইউনিয়নের আজমতপুর ও নরুন এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাফসা নাদিয়া।

কালীগঞ্জ থানার এএসআই আবুল কালাম আজাদ জানান, আজমতপুর এলাকায় মেসার্স জারিফ ফুয়েল স্টেশন ও মেসার্স কেএন এন্টারপ্রাইজ এবং নরুন বাজারের মদিনা এন্টারপ্রাইজ পেট্রোলিয়াম লাইসেন্স ছাড়াই ডিজেল, অকটেন ও পেট্রোল বিক্রি করেছে বলে অভিযোগ পাওয়া যায়। এর ভিত্তিতে এই তিন ফিলিং স্টেশনে অভিযান চালানো হয়। এ সময় প্রতিষ্ঠান তিনটির মালিকরা কেউই পেট্রোলিয়াম লাইসেন্স দেখাতে পারেননি।

পেট্রোলিয়াম লাইসেন্স না থাকায় পেট্রোলিয়াম আইন ২০১৬ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-অনুযায়ী মেসার্স জারিফ ফুয়েল স্টেশনের মালিক আরিফুর রহমানকে ৫০ হাজার টাকা, মেসার্স কেএন এন্টারপ্রাইজের মালিক নাসির উদ্দিনকে ২০ হাজার টাকা এবং মদিনা এন্টারপ্রাইজের মালিক ওয়ালী উল্লাহকে ১০ হাজার টাকাসহ মোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।