২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাকা আত্মসাতের লোভে নারায়ণগঞ্জে মুক্তিযোদ্ধা বাবাকে খুন: পিবিআই

হত্যার পর প্রেসার মাপার মেশিন দিয়ে নিজেই বাবার মৃত্যু সম্পর্কে নিশ্চিত হন ছেলে মাসুদ।

টাকা আত্মসাতের লোভে নারায়ণগঞ্জে মুক্তিযোদ্ধা বাবাকে খুন: পিবিআই

শনিবার রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকার বোনের বাসা থেকে রুবেলকে গ্রেপ্তার করা হয়৷

জ্যেষ্ঠ প্রতিবেদক

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2023, 04:16 PM

Updated : 12 Feb 2023, 04:16 PM

টাকা আত্মসাতের লোভে একমাত্র ছেলেই লোক ভাড়া করে নারায়ণগঞ্জের ফতুল্লায় বীর মুক্তিযোদ্ধা বাবাকে হত্যা করিয়েছেন বলে দাবি করেছে তদন্তকারী সংস্থা পিবিআই।

ফতুল্লার এনায়েতনগর ইউনিয়নের মাওলাবাজার এলাকার বাসিন্দা আব্দুল হালিম দুই মাস আগে তার ব্যাংক থেকে ৩০ লাখ টাকা তোলেন।

বোনদের ঠকিয়ে সেই টাকা আত্মসাৎ করতে পাঁচ লাখ টাকার বিনিময়ে লোক ভাড়া করেন ছেলে এইচ এম মাসুদ৷ হত্যার পর প্রেসার মাপার মেশিন দিয়ে নিজেই বাবার মৃত্যু সম্পর্কে নিশ্চিত হন তিনি। এরপর সাজান ডাকাতির নাটক।

রোববার দুপুরে রাজধানীর ধানমণ্ডিতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের পুলিশ সুপার মনিরুল ইসলাম।

তিনি জানান, এ ঘটনায় গ্রেপ্তারের পর ‘ভাড়াটে খুনি’ মো. রুবেল হত্যার বিষয়টি স্বীকার করে শনিবার আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিও দিয়েছেন।

এদিকে পিবিআইয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান হয়, নিহত বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিমের (৭২) এক ছেলে ও দুই মেয়ে৷ মেয়েরা শ্বশুরবাড়িতে থাকেন৷ স্ত্রী মারা যাওয়ার পর ছেলে এইচ এম মাসুদ (৪২) ও তার স্ত্রী-সন্তানদের নিয়ে মাওলাবাজারের নিজ বাড়ির দ্বিতীয়তলার একটি ফ্ল্যাটে থাকতেন তিনি৷

গত ১ ফেব্রুয়ারি সকালে ওই বাসা থেকে আব্দুল হালিমের মরদেহ উদ্ধার করে পুলিশ৷ ওই সময় ছেলে মাসুদ দাবি করেন, গত রাতে তাদের বাসায় ঢুকে তার হাত, পা ও মুখ বেঁধে এবং বৃদ্ধ বাবাকে খুন করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুটে নিয়ে গেছে ডাকাত দল৷

Image

আলামত হিসেবে হত্যাকাণ্ডে ব্যবহৃত পাটের দড়ি, গামছা, বালিশ, ডিজিটাল ব্লাড প্রেসার মাপার মেশিন জব্দ করা হয়।

তবে ঘটনাস্থলের আলামত ও ছেলের বক্তব্য নিয়ে ‘সন্দিহান’ ছিল পুলিশ৷

ওই সময় ফতুল্লা মডেল থানার ওসি মোহাম্মদ রিজাউল হক বলেন, ডাকাতরা কীভাবে ওই বাসায় ঢুকল তা স্পষ্ট নয় পুলিশের কাছে। বাড়িতে চারটি সিসি ক্যামেরা থাকলেও মেশিন থেকে হার্ডড্রাইভ খুলে নিয়ে যাওয়া হয়েছে৷ সে কারণে এ ঘটনাকে ‘রহস্যজনক’ বলে জানিয়েছিলেন ওসি৷

এ ঘটনায় ১ ফেব্রুয়ারি ফতুল্লা মডেল থানায় অজ্ঞাত আসামি করে মামলা করেন নিহতের বড় মেয়ের জামাতা জাহেরুল ৷

চাঞ্চল্যকর এ মামলাটি থানা পুলিশের পাশাপাশি তারাও ছায়াতদন্ত করেন বলে জানান পিবিআই পুলিশ সুপার মনিরুল ইসলাম৷

তিনি বলেন, গত ১০ ফেব্রুয়ারি মামলার তদন্তের দায়িত্ব নেয় পিবিআই৷ দায়িত্ব পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে এসআই শাকিল হোসেন ও এসআই কামরুল হাসানকে নিয়ে ঘটনার রহস্য উদঘাটন করেন তদন্তকারী কর্মকর্তা এসআই মাজহারুল ইসলাম৷

পিবিআই বলছে, দায়িত্ব পাবার পর পুনরায় ঘটনাস্থল পরিদর্শন করে পিবিআই৷ তদন্তে তারা জানতে পারে নিহতের বাড়িতে নিয়মিত যাতায়াত ছিল ইজিবাইক চালক মো. রুবেলের (২৭)৷ প্রযুক্তির মাধ্যমে ঘটনার দিনও রুবেলের উপস্থিতি ভুক্তভোগীর বাড়ির আশপাশে পায় পিবিআই৷ কিন্তু ঘটনার দুদিন পর থেকে তার কোনো খোঁজ নেই৷

পরে সন্দেহভাজন হিসেবে শনিবার রাজধানীর যাত্রাবাড়ি থানা এলাকার বোনের বাসা থেকে রুবেলকে গ্রেপ্তার করা হয়৷ তাকে জিজ্ঞাসাবাদে সে ঘটনার সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করে৷

জিজ্ঞাসাবাদে আসামি রুবেলের দেওয়া তথ্যের বরাতে পিবিআই জানায়, ব্যাংক থেকে তোলা বাবার ৩০ লাখ টাকা একাই আত্মসাতের লোভে মাসুদ বাবাকে হত্যার পরিকল্পনা করে এবং পাঁচ লাখ টাকার বিনিময়ে রুবেলকে ভাড়া করে৷

পরিকল্পনা অনুযায়ী ঘটনার রাত ১০টায় মাসুদের ফোন পেয়ে তাদের বাড়িতে যায় রুবেল৷ তার জন্য বাসার কলাপসিবল গেট ও ফ্ল্যাটের দরজা আগে থেকেই খোলা রাখে মাসুদ৷ রাত ১১টার দিকে আব্দুল হালিম ঘুমিয়ে পড়লে মাসুদ তার বাবার হাত-পা চেপে ধরে এবং রুবেল তার গলা টিপে শ্বাসরোধের চেষ্টা করে৷

ভুক্তভোগী চিৎকার দেওয়ার চেষ্টা করলে রুবেল তার মুখের উপর বালিশ চাপা দেয়৷ হত্যার পর মাসুদ তার কক্ষে থাকা ব্লাডপ্রেশার মাপার যন্ত্রের সাহায্যে বাবার মৃত্যুর ব্যাপারে নিশ্চিত হন৷

পরিকল্পনা অনুযায়ী রুবেলকে পাঁচ লাখ টাকা দিয়ে সিসিটিভি ক্যামেরার হার্ডড্রাইভ বাইরে কোথাও ফেলে দিতে বলে মাসুদ৷ পরে হত্যার ঘটনা ভিন্নখাতে নিতে ডাকাতির নাটক সাজায়৷ তাই মাসুদকে পাটের দড়ি দিয়ে হাত, পা ও গামছা দিয়ে মুখ বেঁধে রেখে যায় রুবেল৷  চলে যাবার সময় রুবেল হার্ডড্রাইভ ভুক্তভোগীর বাড়ির পেছনে ময়লার স্তুপে ফেলে রেখে যায়৷”

পিবিআই পুলিশ সুপার বলেন, “রুবেলকে তার বোনের বাসা থেকে গ্রেপ্তারের পর তার দেওয়া তথ্যমতে, নারায়ণগঞ্জের ভাড়া বাসার ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে ৪ লাখ ৪৩ হাজার টাকা জব্দ করে৷

ভুক্তভোগীর বাড়ির পেছন থেকে সিসিটিভি ক্যামেরার হার্ডড্রাইভ উদ্ধার করে৷ আলামত হিসেবে হত্যাকাণ্ডে ব্যবহৃত পাটের দড়ি, গামছা, বালিশ, ডিজিটাল ব্লাড প্রেসার মাপার মেশিন জব্দ করা হয়।

Image

বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম।

পিবিআইয়ের হেডকোয়ার্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে একমাত্র ছেলে হওয়ার পরও মাসুদ কেন তার বাবাকে খুন করতে যাবেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পুলিশ কর্মকর্তা মনিরুল বলেন, “আব্দুল হালিমের তিনটি বাড়ি ছাড়াও ভালো পরিমাণে স্থাবর সম্পত্তি রয়েছে। বাড়ি ভাড়া দিয়েই পরিবারটি চলছিল। সম্প্রতি তিনি দুই মেয়ের নামে অর্ধেকের মতো সম্পত্তি লিখে দিতে চেয়েছিলেন।

এ ছাড়া ব্যাংক থেকে তোলা ৩০ লাখ টাকার মধ্যে ১০ লাখ মেয়েদের দিতে বলেছিলেন। কিন্তু মাসুদ এতোটা সম্পত্তি বোনদের দিতে রাজী ছিলেন না। এ কারণে শেষ পর্যন্ত বাবাকে হত্যার সিদ্ধান্ত নেন।

“এ ছাড়া আরও কিছু বিষয় নিয়ে বাবার সঙ্গে তার তিক্ততা তৈরি হয়েছিল। একটু বেশি বাজার করলে মাসুদকে বকাবকি করতেন বাবা। মানে পুরো সংসারের নিয়ন্ত্রণ ছিল আব্দুল হালিমের হাতেই।

আর সম্প্রতি মাসুদও খুব খিটখিটে হয়ে উঠেছিলেন বলে তার স্ত্রীর ভাষ্য। সামান্য একটুতেই অনেক বকাবকি করতেন, সহ্যক্ষমতা কমে গিয়েছিল তার।”

৪২ বছর বয়স্ক মাসুদের নেশার সঙ্গে জড়িত থাকার কোনো তথ্য পাওয়া যায়নি, তবে তিনি ডায়াবেটিসে ভুগছেন বলে জানান পুলিশ কর্মকর্তা মনিরুল।  

মাসুদকে গ্রেপ্তারের আগেই কেন একজন মাত্র ব্যক্তির জবানবন্দির ভিত্তিতে মামলার উপসংহার টানা হচ্ছে জানতে চাইলে এসপি মনিরুল বলেন, “পিবিআইর কাছে ওই জবানবন্দি ছাড়াও মাসুদকে অভিযুক্ত করার মতো পারিপার্শ্বিক তথ্য-প্রমাণ রয়েছে। তবে তদন্ত এখনও শেষ হয়নি। মামলায় যে ৩২ লাখ টাকা লুট হওয়ার কথা বলা হয়েছে সেই টাকা কার কাছে রয়েছে তারও কোন হদিস পাওয়া যায়নি।”

মাসুদকে গ্রেপ্তার করতে পারলে বিষয়টা জানা যাবে। তাকে গ্রেপ্তারের জন্য চেষ্টা চলছে বলে জানান পিবিআইর এই কর্মকর্তা।

আসামি রুবেল শনিবার বিকেলে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইমরান মোল্লার আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে বলেও জানান তিনি।

আরও পড়ুন:

পুরনো খবর:

নারায়ণগঞ্জে ছেলেকে বেঁধে রেখে বাবাকে খুন করে ডাকাতি