২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীপুর আদালতে বিচারপ্রার্থীকে আইনজীবীর মারধরের অভিযোগ

জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে এক অ্যাডভোকেট ৮-১০ জন সহকর্মী নিয়ে এ হামলা চালান বলে বিচারপ্রার্থীর অভিযোগ।

লক্ষ্মীপুর আদালতে বিচারপ্রার্থীকে আইনজীবীর মারধরের অভিযোগ

জেলা ও দায়রা জজ আদালত, লক্ষ্মীপুর

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2022, 07:04 PM

Updated : 08 Aug 2022, 07:04 PM

‘পূর্ব শত্রুতার জেরে’ লক্ষ্মীপুর জজ আদালত প্রাঙ্গণে বিচারপ্রার্থী এক পরিবারের চার জনকে মারধরের অভিযোগ উঠেছে কয়েকজন আইনজীবীর বিরুদ্ধে।

সোমবার সকাল সাড়ে ১০টার জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে অ্যাডভোকেট সৈয়দ ফখরুল আলম নাহিদসহ তার ৮-১০ জন সহকর্মী এ হামলা চালান বলে ওই বিচারপ্রার্থীদের অভিযোগ।

এরা হলেন মোহাম্মদ উল্লাহ (৬০), তার স্ত্রী আফরোজা বেগম (৫০), মেয়ে মাহিয়া আক্তার (২২) ও ছেলে আব্বাস হোসেন (২৮)।

তারা রামগতি উপজেলার পশ্চিম চর কলাকোপা গ্রামের বাসিন্দা।

মোহাম্মদ উল্লাহ সাংবাদিকদের বলেন, আইনজীবী নাহিদদের সঙ্গে তাদের জমি সংক্রান্ত বিরোধ রয়েছে। নাহিদদের সঙ্গে চলমান একটি মামলায় তারা আদালতে হাজিরা দিতে আসেন।

“নাহিদ আগ থেকে হামলার প্রস্তুতি নিয়ে রেখেছিলেন। আইনজীবীরা পূর্বপরিকল্পিতভাবে হামলা করেছেন।”

মোহাম্মদ উল্লাহর অভিযোগ, তারা আদালতে আসার পরই ৮-১০ জন সঙ্গী নিয়ে নাহিদ তাদের মারধর শুরু করেন। পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করেছে।

এ ব্যাপারে অ্যাডভোকেট ফখরুল আলম নাহিদ বলেন, “আমি কিছুই জানি না। কে কার ওপর হামলা করেছে তাও আমার জানা নেই।”

লক্ষ্মীপুর আইনজীবী সমিতির সভাপতি নুরুল হুদা পাটওয়ারী বলেন, “বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিচ্ছি।”

এ ব্যাপারে আদালত পুলিশের পরিদর্শক সৈয়দ শফিকুল সিলাম মুকুল বলেন, ঘটনার পর পুলিশ তাদের সেখান থেকে সরিয়ে এজলাসে নিয়ে যায়।