২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষা ক্ষেত্রে ‘পিছিয়ে সিলেট’: শাবিতে পররাষ্ট্রমন্ত্রী

সিলেটে প্রাইমারি স্কুলগুলোতে মহিলা শিক্ষক পাওয়া যায় না; অন্য জায়গা থেকে এনে এখানে শিক্ষা দিতে হয় বলে পররাষ্ট্রমন্ত্রী জানান।

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2022, 08:13 PM

Updated : 02 Sep 2022, 08:13 PM

সাম্প্রতিক সময়ে শিক্ষাক্ষেত্রে সিলেট পিছিয়ে রয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

শুক্রবার বেলা সাড়ে ১১টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সৈয়দ মুজতবা আলী হলের বর্ধিতাংশের উদ্বোধন পরবর্তী আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘‘সিলেট একটি ঐতিহবাহী এবং জ্ঞানী গুণী ব্যক্তিদের শহর। দুঃখের বিষয় যে শিক্ষা ক্ষেত্রে সিলেট অনেকে পিছিয়ে গেছে। এক সময় সারা বাংলাদেশে সবচেয়ে বেশি শিক্ষিত লোক ছিল সিলেটে। এখন এ দিকটাতে আমাদের জোড় দিতে হবে।

“কারণ বাংলাদেশের শিক্ষার হারে সিলেটের অবস্থা খুবই নিম্নে। এর একটি বড় কারণ হল অবকাঠামোর অভাব ছিল। স্কুল-কলেজ অনেক কম।”

শিক্ষার হার কম হওয়ার কারণে মাতৃ ও শিশু মৃত্যুর হার বেশি বলেও তিনি মনে করেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘‘আমি ২০০৩ সালের একটা জরিপ করি। এই জরিপ অনুযায়ী বৃহত্তর সিলেট এবং বরিশালের মানুষ সমান ছিল। কিন্তু বর্তমানে সিলেটের মানুষ বেশি, বরিশালের মানুষ কম। কিন্তু সিলেটের তুলনায় সাড়ে তিন গুণ বেশি স্কুল-কলেজ আছে বরিশালে। সাধারণত একটি চাকরির জন্য বরিশালের গ্রাজুয়েট ছয়জন আবেদন করলে সেখানে সিলেটের থাকে মাত্র একজন।’’

সিলেটে প্রাইমারি স্কুলগুলোতে মহিলা শিক্ষক পাওয়া যায় না; অন্য জায়গা থেকে এনে এখানে শিক্ষা দিতে হয় উল্লেখ করে মন্ত্রী এজন্য অবকাঠামোর পাশাপাশি শিক্ষা ক্ষেত্রেও জোর দেওয়ার আহ্বান জানান।

তিনি ছাত্রদের আন্দোলন করার আহ্বান জানান, তবে শিক্ষা ছেড়ে নয়।

“আমার খুব দুঃখ লাগে, আমার দলের ছেলে-মেয়েগুলো, ছাত্রলীগ-যুবলীগ এরা চাকরিও করতে পারে না, ব্যবসাটাও করতে পারে না। সামান্য ব্যবসা করতে গেলেও তাদের দুর্নাম হয়। তারা চাকরিও সহজে পায় না। তবে তারা রাজনীতির জ্ঞান অর্জন করেছে। সুতারাং উই হ্যাভ টু থিংক।”

তিনি এই ‘বড় একটা রিসোর্সকে’ কীভাবে সত্যিকার অর্থে দেশের উন্নয়নে কাজে লাগানো যায় তার উপায় বের করতে শিক্ষকদের অনুরোধ করেন।

“তাদের অনেক স্পিরিট আছে, কমিউনিকেশন স্কিল আছে, তাদের কীভাবে এসব জায়গায় সম্পৃক্ত করা যায় সে পন্থা আমাদের বের করতে হবে।”

শাবির অবকাঠামোর উন্নয়নের প্রশংসা করে পররাষ্টমন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয়ে অবকাঠামোগত উন্নয়ন হচ্ছে। অনেকগুলো প্রজেক্ট আছে। সেগুলো করা হলে তাদের অবাকাঠামোর প্রয়োজনীয়তা পূর্ণ হবে।

তাদের এই কাজের জন্য ও লিডারশিপের জন্য কৃতজ্ঞতা জানান তিনি।

“আরও আপনারা শুনে খুশে হবেন, এই ক্ষেত্রে তারা কোনো ধরনের কারচুপির প্রশ্রয় দেন না।”

বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কাজ সম্পর্কে বিভিন্ন কারচুপির অভিযোগ এলেও এ বিশ্ববিদ্যালয়ের দুর্নীতির কোনো অভিযোগ তার কাছে আসেনি বলে তিনি জানান।

অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, বিশ্ববিদ্যালয়ে দুইটি বৃহৎ প্রকল্প চলমান আছে। এ দুটি প্রকল্পের আওতায় ২৩টি ভবন নির্মাণ করা হবে।

এ ভবনগুলো গুণগত মান বজায় রেখে যদি নির্মাণ করতে পারলে আগামী একশ বছরে অবাকঠামোর জন্য কোনো চিন্তা করতে হবে না বলে তিনি মনে করেন।

“আমাদের সকল শিক্ষার্থীরা হলে থাকতে পারবে। ফলে এটি একটি আবাসিক বিশ্ববিদ্যালয়ে পরিণত হবে।”

অনুষ্ঠানে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মো. আখতারুল ইসলাম ছাত্রদের উদ্দেশে বলেন, “আমাদের ২৫ শতাংশ শিক্ষর্থী এখন হলে থাকতে পারে। কিন্তু বাকিরা হলের বাহিরে থাকে। তারা মা-বাবার কষ্টের টাকায় ও নিজে টিউশনে করে চলে। হলে যারা থাকে তাদেরও দায়িত্ব আছে। তারা নিয়মিত ছাত্র হওয়া দরকার। যারা পড়াশোনা করবে, গবেষণায় সহায়তা করবে, দেশ ও জাতিকে সমৃদ্ধির দিকে নিয়ে যাবে তারাই হলে থাকা দরকার।”

উদ্বোধন অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ মো. আনোয়ারুল ইসলাম, সৈয়দ মুজতবা আলীর ভাইয়ের ছেলে সৈয়দ রুহুল আমীন, বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক, প্রক্টর ও হল প্রাধ্যক্ষ।

এর আগে বেলা পৌনে ১১টায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চত্বরে পুষ্পস্তবক অর্পণ করেন পররাষ্ট্রমন্ত্রী। বেলা ১১টায় হল উদ্বোধন করেন তিনি।