২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেকনাফে আশ্রয় শিবিরে ছুরিকাঘাতে রোহিঙ্গা যুবক খুন

বাসায় যাওয়ার পথে ক্যাম্পের ভেতরে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় বলে জানায় পুলিশ।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2024, 06:05 PM

Updated : 27 Feb 2024, 06:08 PM

কক্সবাজারের টেকনাফ উপজেলায় আশ্রয় শিবিরে ছুরিকাঘাতে এক রোহিঙ্গা যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার সকালে উপজেলার নয়াপাড়া রেজিস্ট্রার্ড ক্যাম্পে এ ঘটনা ঘটে বলে টেকনাফ থানার ওসি মুহাম্মদ ওসমান গনি জানান।

নিহত নূর মোহাম্মদ (৩০) নয়াপাড়া ক্যাম্পের ডি ব্লকের বাসিন্দা।

স্থানীয়দের বরাতে ওসি ওসমান গণি বলেন, “সকালে ১০টার দিকে নূর মোহাম্মদ বাসায় যাওয়ার পথে ক্যাম্পের পানির ট্যাংকের সামনে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

“আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে ক্যাম্প সংলগ্ন আইপিডি হাসপাতালে নিলে প্রাথমিক চিকিৎসা দিয়ে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। কক্সবাজারে নেওয়ার পথে তার মৃত্যু হয়।”

খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়।

এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন ওসি ওসমান গণি।