দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ১
আহতদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সুনামগঞ্জে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে ধাক্কা খেয়ে প্রাইভেটকারের এক যাত্রীর প্রাণ গেছে। আহত হয়েছেন চালকসহ আরেক যাত্রী।
সিলেট সড়কের মদনপুর মোড়ে বৃহস্পতিবার রাত পৌনে ২টায় এ দুর্ঘটনা ঘটে বলে সুনামগঞ্জের জয়কলস হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই আফরাজুল ইসলাম জানান।
নিহত সেলিম মিয়া (৪০) ছাতক উপজেলার বড়কাপন গ্রামের আফতাব আলীর ছেলে।
এসআই বলেন, বৃহস্পতিবার রাত দেড়টার দিকে সুনামগঞ্জ থেকে একটি প্রাইভেটকার দুইজন যাত্রী নিয়ে সিলেটের উদ্দেশ্যে রওনা দেয়। পথে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে প্রাইভেটকারটি জোরে ধাক্কা খায়। এতে প্রাইভেটকারের যাত্রী সেলিম মিয়া ঘটনাস্থলেই নিহত হন।
পরে আহতদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে জানান তিনি।
আফরাজুল বলেন, প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে গেছে। আর আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানতে পারেননি তারা।
সুনামগঞ্জ সদর থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, রাতে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তারা স্থানীয়দের সহায়তায় হতাহতদের হাসপাতালে নিয়ে গেছে। এ বিষয়ে হাইওয়ে পুলিশ আইনী ব্যবস্থা নিবে।
