জামালপুরে সার না পেয়ে কৃষকের বিক্ষোভ, অবরোধ
সারের জন্য মাইকিং করে কৃষকদের জড়ো হতে বলা হয়।
জামালপুরে ইউরিয়া সার না পেয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কৃষকরা।
রোববার সকালে সদর উপজেলার শরিফপুর বাজারে এ ঘটনা ঘটে বলে উপজেলা কৃষি কর্মকর্তা দিলরুবা ইয়াসমিন জানান।
কৃষকরা অভিযোগ করেন, ইউরিয়া সার বিক্রির মাইকিং শুনে সকালে সার কিনতে শরিফপুর বাজারের ডিলার আব্দুস সালামের গুদামের সামনে উপস্থিত হন কয়েকশ কৃষক।
উপস্থিত ২০-২৫ জন কৃষকের মাঝে প্রতি বস্তা সার এক হাজার ১০০ টাকা দরে বিক্রির পর গুদাম বন্ধ করে দেন ডিলার।
এরপর বিক্ষুব্ধ কৃষকরা সারের দাবিতে জামালপুর-ময়মনসিংহ সড়কের শরিফপুর বাজার এলাকায় অবরোধ করেন। কয়েকজন কৃষক সড়কের মাঝপথে শুয়ে পড়ে। এতে সড়কে যান চলাচল ব্যাহত হয়।
কৃষকরা বিক্ষোভ শুরু করলে ডিলার আব্দুস সালাম পালিয়ে যান।
খবর পেয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিটুস লরেন্স চিরান, উপজেলা কৃষি কর্মকর্তা দিলরুবা ইয়াসমিন, সদর থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শরিফপুর বগালী এলাকার কৃষক ফরহাদ আলী বলেন, গুদামে পর্যাপ্ত ইউরিয়া সার থাকার পরেও বিসিআইসির ডিলাররা সার না থাকার কথা বলে দোকান বন্ধ রাখেন।
রনরামপুরের কৃষক রমজান আলী বলেন, ডিলারের ঘরে সার থাকার পরেও ঘর বন্ধ করায় কৃষকরা বিক্ষোভ করেছেন। তারা সড়কের উপর শুয়ে পরেন।
উপজেলা কৃষি কর্মকর্তা দিলরুবা ইয়াসমিন সাংবাদিকদের বলেন, শরিফপুর ইউনিয়নে পর্যাপ্ত সারের মজুদ রয়েছে। সারের কোনো সংকট নেই।
“অতিরিক্ত মানুষের ভীড়ে সামান্য বিশৃঙ্খলা হলেও কিছুক্ষণ পরেই পরিস্থিতি স্বাভাবিক হয়।”
