নাটোরে সিমেন্ট বোঝাই ট্রাক উল্টে চালকের মৃত্যু
সিরাজগঞ্জ থেকে রাজশাহীগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়।
নাটোরে সিমেন্ট বোঝাই ট্রাক উল্টে এক চালকের প্রাণ গেছে; এতে আহত হয়েছেন চালকের এক সহকারী।
শুক্রবার সকালে নাটোর-বনপাড়া মহাসড়কে সদর উপজেলার হয়বতপুর এলাকায় এ ঘটনা ঘটে বলে ঝলমলিয়া হাইওয়ে থানার এসআই জাহিদুল ইসলাম জানান।
নিহত ২৫ বছর বয়সী শফিকুল ইসলাম সাঁথিয়া উপজেলার করোমজা গ্রামের আফসার উদ্দিনের ছেলে। আহত মৃদুল একই এলাকায় বাসিন্দা।
স্থানীয়দের বরাতে এসআই জাহিদুল জানান, সিরাজগঞ্জ থেকে রাজশাহীগামী সিমেন্ট বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাকচালক শফিকুল মারা যান। গুরুতর আহত হন চালকের সহকারী মৃদুল।
খবর পেয়ে পুলিশ মৃদুলকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করায়। আর কোনও অভিযোগ না থাকায় শফিকুলের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ।
এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান এসআই জাহিদুল।
