১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মাগুরায় প্রতিপক্ষের হামলায় কৃষক খুন

ইফতারের আগে আতর মোল্লাকে বাড়ির কাছে কুপিয়ে জখম করে প্রতিপক্ষের লোকজন; সন্ধ্যার পর হাসপাতালে তিনি মারা যান।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2023, 01:01 AM

Updated : 31 Mar 2023, 01:01 AM

মাগুরা সদরে প্রতিপক্ষের হামলায় এক কৃষক নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার বিকালে উপজেলার মনিরামপুর গ্রামে এ হামলা হয় বলে পুলিশ জানিয়েছে। 

নিহত আতর মোল্লা (৪৫) মনিরামপুর গ্রামের সালাম মোল্লার ছেলে। 

নিহতের চাচাত ভাই সবুজ মোল্লা বলেন, এলাকার একটি বিরোধপূর্ণ জমি নিয়ে সালিশ বৈঠকে স্থানীয় গ্রাম্য মাতবর আব্দুল মান্নান ও অপর গ্রাম্য মাতবর মুরাদ মোল্লার সমর্থকদের মধ্যে বুধবার সকালে বাকবিতণ্ডা হয়। তা নিয়ে সন্ধ্যায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় উভয় পক্ষের ২০ জন আহত হয়। 

সবুজ বলেন, বুধবারের ওই ঘটনার জের ধরে বৃহস্পতিবার বিকালে ইফতারের আগে আতর মোল্লাকে তার বাড়ির কাছে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে প্রতিপক্ষের লোকজন। 

আশংকাজনক অবস্থায় সন্ধ্যার পর মাগুরা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তবরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

নিহত আতর মোল্লা  গ্রাম্য মাতবর আব্দুল মান্নানের সমর্থক ছিলেন বলে স্থানীয়রা জানান। 

মাগুরা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক কৃষ্ণ বিশ্বাস বলেন, হাসপাতালে আসার আগেই আতর মোল্লার মৃত্যু হয়েছে। 

মাগুরা সদর থানার ওসি জব্বারুল ইসলাম বলেন, সামাজিক বিরোধের সঙ্গে নতুন করে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় খুন হয়েছেন আতর মোল্লা। এলাকায় পরবর্তী সহিংসতা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ইতোমধ্যে কয়েকজনকে আটক করা হয়েছে।