বরিশালে বাস চাপায় আহত কনস্টেবল পা হারানোর শংকায়
ইচলাদী পুলিশ ফাঁড়ির সার্জেন্ট মো. আলমগীর জানান, তার পা হারানোর শংকা রয়েছে।
ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী বাসের চাপায় আহত এক কনস্টেবলের পা হারানোর শংকা দেখা দিয়েছে।
পুলিশ জানায়, রোববার বেলা ১১টার দিকে বরিশালের উজিরপুর উপজেলার ইচলাদী মেজর জলিল সেতুতে বাস চাপায় আহত হন গৌরনদী মডেল থানার কনস্টেবল মো. রমজান।
তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে বলে ওই থানার পরিদর্শক মো. হেলাল উদ্দিন জানান।
তিনি বলেন, সরকারি কাজে মোটরসাইকেলে গৌরনদী থেকে বরিশাল যাচ্ছিলেন রমজান।
গৌরনদী মহাসড়ক থানার এসআই তমাল সরকার বলেন, “সুগন্ধা পরিবহনের একটি যাত্রীবাহী বাস বরিশাল থেকে ঢাকায় যাচ্ছিল। মোটরসাইকেলে গৌরনদী থেকে বরিশাল যাচ্ছিলেন রমজান। পথে মেজর জলিল সেতুর মাঝখানে এলে বাসটি রমজানের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে রমজানের ডান পা মারত্মকভাবে জখম হয়।
“তাকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।”
ঘটনাস্থলে থাকা ইচলাদী পুলিশ ফাঁড়ির সার্জেন্ট মো. আলমগীর জানান, রমজানের পা হারানোর শংকা রয়েছে।
“বাসটিকে আটক করা গেলেও চালক পালিয়েছেন।”
