পাবনায় সাবেক পুলিশ সদস্যকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা
অন্তত একশ লোক হাসুয়া, বল্লম, টেঁটা ও চাপাতি নিয়ে অতর্কিত তাদের উপর হামলা চালায়।
পাবনায় ‘পূর্ব শত্রুতার জেরে’ প্রকাশ্যে এক সাবেক পুলিশ সদস্যকে কুপিয়ে হত্যা করেছে একদল হামলাকারী। এ সময় অন্তত চারজন আহতও হয়েছেন।
সোমবার সকালে সুজানগর উপজেলার তাঁতীবন্দ ইউনিয়নের ভবানীপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জাহাঙ্গীর আলম (৬৩) ভবানীপুর গ্রামের প্রয়াত হাছেনের ছেলে।
আহতদের মধ্যে রয়েছেন নিহতের ভাই মতি খন্দকার, একই এলাকার আরফান মোল্লার ছেলে আয়েনউদ্দিন ও নজিমউদ্দিনের ছেলে আব্দুর রহিম। তাদের পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানায়, বেলা সাড়ে ১১টার দিকে অবসরপ্রাপ্ত এই পুলিশ সদস্য তার ভাই মতিনকে সঙ্গে নিয়ে বাড়ির পাশের রেললাইনে বসেছিলেন। এ সময় রেললাইনের দক্ষিণ পাশ থেকে শখানেক লোক হাসুয়া, বল্লম, টেঁটা ও চাপাতিসহ অতর্কিত তাদের উপর হামলা করে। তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানান, প্রাথমিকভাবে পূর্বশত্রুতার জেরে হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। হামলায় জাহাঙ্গীর ঘটনাস্থলেই নিহত হয়েছেন এবং মতি খন্দকারসহ অন্তত ১০ আহত হয়েছেন। আহতদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। মতি খন্দকারের অবস্থার অবনতি হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে বলে তিনি জানান।
