চাঁদপুরে আরিফ হত্যায় চারজনের যাবজ্জীবন
২০০৮ সালের মে মাসে আরিফকে ঢাকা থেকে চাঁদপুরের ফরিদগঞ্জ বালিথুবা গ্রামে নিয়ে হত্যা করে আসামিরা।
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় আমিনুল ইসলাম আরিফ হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
সোমবার দুপুরে চাঁদপুরের জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ মো. মহসিনুল হক তিন আসামির উপস্থিতিতে এ রায় দেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) রনজিত রায় জানান।
কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- সদর উপজেলার বিষ্ণুপুর গ্রামের সাহিদা বেগম (৪০), ফরিদগঞ্জ বালিথুবা গ্রামের ওমর শরীফ (২০), একই উপজেলার সন্তোষপুর গ্রামের গাজী বাড়ির কামরুল ইসলাম (২৫) এবং মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী থানার হাসাইল এলাকার সাইফুল ইসলাম (২০)। এর মধ্যে ওমর শরীফ পলাতক আছেন।
হত্যার শিকার আমিনুল ইসলাম আরিফ (২৩) লক্ষ্মীপুর জেলা সদরের মহাদেবপুর গ্রামের সামছুল ইসলামের ছেলে।
মামলার বরাত দিয়ে আইনজীবী বলেন, আমিনুল ইসলাম আরিফ রাজধানীর খিলগাঁও থানার উত্তর গোড়ান সিপাহীবাগ এলাকার ভাড়া বাসায় বসবাস করতেন। ২০০৮ সালের ফেব্রুয়ারি মাসে একই এলাকার বাসিন্দা সাহিদা বেগমের এক মেয়েকে গোপনে আদালতে বিয়ে করেন।
কিন্তু সাহিদা বেগম সেটি মানতে পারেননি। পরে একই বছরের ৪ মে আসামিরা যোগসাজস করে আরিফকে চাঁদপুরের ফরিদগঞ্জ বালিথুবা গ্রামে ওমর শরীফের বাড়িতে নিয়ে হত্যা করে এবং লাশ গুম করার চেষ্টা করে। ৫ মে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আরিফের মরদেহ উদ্ধার করে পরিবার।
এ ঘটনায় আরিফের আপন চাচা মো. তাজুল ইসলাম পাটওয়ারী বাদী হয়ে সাহিদা বেগম, ওমর শরীফ, কামরুল হাসান, সাইফুল ইসলাম, নাছিমা বেগম ও নাছিরকে আসামি করে ফরিদগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।
ফরিদগঞ্জ থানার এসআই মোহাম্মদ হোসেন সরকার ২০১২ সালের ২৬ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালত নয় জনের সাক্ষ্যগ্রহণ করেন।
আইনজীবী বলেন, চার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ছাড়াও প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
আসামিপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট রফিকুল ইসলাম ভুঁইয়া।
