২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দাম বেশির অভিযোগ নিয়েও জমে উঠেছে সিলেটের ঈদ বাজার

ক্রেতাদের ভিড়ে দুপুরের পর থেকেই নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে লেগে যাচ্ছে তীব্র যানজট। এতে দুর্ভোগ পড়ছেন ক্রেতারা।

দাম বেশির অভিযোগ নিয়েও জমে উঠেছে সিলেটের ঈদ বাজার

নতুন পোশাক কিনতে মার্কেটে ভিড় করছেন ক্রেতারা।

বাপ্পা মৈত্র

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2023, 02:58 PM

Updated : 13 Apr 2023, 02:58 PM

ঈদকে ঘিরে ভিড় বেড়েছে সিলেটের দোকানপাট ও শপিংমলগুলোয়। তাতে নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে বাধছে যানজট। দাম বেশির অভিযোগের সঙ্গে তীব্র গরমে ক্রেতারা নাজেহাল হলেও কেনা-বেচায় ঈদ বাজার জমে উঠেছে বলে জানাচ্ছেন ব্যবসায়ীরা।

ব্যবসায়ীরা বলছেন, জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দারা ঈদের আগেই কেনাকাটা করতে আসেন। এ বছরও ১০ রমজানের পর থেকেই মানুষজন আসতে শুরু করেছেন। তবে এবারের ঈদবাজারে এখনো মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্তদের ক্রেতাদের উপস্থিতিই বেশি বলে জানান বিক্রেতারা।

সরেজমিনে দেখা যায়, ক্রেতাদের স্বাগত জানিয়ে নগরীর মার্কেটগুলোর সামনে বসানো হয়েছে গেইট; বাড়ানো হয়েছে আলোকসজ্জাও। ফ্যাশন হাউজের শো-রুমে তোলা হয়েছে নতুন নতুন পোশাক। চারদিকে যেন উৎসবের আমেজ।

নারী-পুরুষরা ভিড় করছেন নগরীর জিন্দাবাজার, বন্দরবাজার, জেল রোড, নয়াসড়ক, কুমারপাড়া, জল্লারপাড়, লামাবজার এলাকার কাপড়, কসমেটিক, জুতা ও গহনার দোকানগুলোতে। দরদামে ব্যস্ত সময় পার করেছেন দোকানের কর্মচারীরাও।

সিলেটের গোলাপগঞ্জ উপজেলা থেকে পরিবার নিয়ে বন্দরবাজারের হাসান মার্কেটে কাপড় কিনতে এসেছেন আব্দুল মতিন।

Image

ক্রেতাদের স্বাগত জানিয়ে নগরীর মার্কেটগুলোর সামনে বসানো হয়েছে গেইট।

তিনি বলেন, “কয়েকটি দোকানে কাপড় দেখেছি। ছেলেমেয়েদের জন্য কাপড় কিনেছি। তবে এবার দাম অন্য বছর থেকে বেশি মনে হচ্ছে। তাই নিজেদের কাপড় কিনতে এক দোকান থেকে অন্য দোকানে ঘুরতে হচ্ছে।”

গোলাপগঞ্জ থেকে সিএনজি নিয়ে সিলেটের নগরীর হুমায়ুন রশিদ চত্বরে আসতে দীর্ঘ যানজটে পড়ে ভোগান্তিতে পড়েছিলেন বলেও জানান এই ক্রেতা।

বেশি দামের অভিযোগ করেন বিশ্বনাথের বাসিন্দা কামাল মিয়াও। তিনি বলেন, “পরিবারের সদস্যদের জন্য কেনাকাটা করতে এসেছি। ছেলেমেয়েদের জন্য কাপড়, স্ত্রীর জন্য শাড়ি কিনব। সেই সাথে নিজের জন্যও।

“প্রতিবছর এ মার্কেট থেকে কেনাকাটা করি। তবে এ বছর বিক্রেতারা সবকিছুর দাম বাড়িয়ে দিয়েছেন।দেখি হার্কার মার্কেটে গিয়ে কাপড়ের দাম কেমন তারপর কিনবো। ”

Image

ক্রেতাদের ভিড়ে দুপুরের পর থেকেই নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে লেগে যাচ্ছে তীব্র যানজট।

তবে হাসান মার্কেটের ব্যবসায়ীরা তুলনামূলক কম দামে মালামাল বিক্রি করে থাকেন দাবি করে কাপড় ব্যবসায়ী আফজাল হোসেন বলেন, “এটি সিলেটের পুরাতন একটি মার্কেট; যার কারণে যেকোনো উৎসবের আগে এ মার্কেটে ক্রেতাদের ভিড় বাড়ে।”

এবার অন্য বছরের তুলনায় বেচাকেনা ভালো হচ্ছে বলেও জানান এই ব্যবসায়ী।

জিন্দাবাজরের কাজী ম্যানশন থেকে কাপড় ক্রয় করেছেন কলেজ ছাত্র হুমায়ুন আহমদ। তার ভাষ্য, এই মার্কেট থেকেই সব সময় কাপড় ক্রয় করেন। এবারও ঈদ উপলক্ষে বন্ধুদের সঙ্গে এসে কাপড় কিনছেন। তবে কাপড়ের দাম এবার বেশি নিয়েছে বলে জানান তিনি।

লতিফ সেন্টারের কসমেটিক ও জুয়েলারি ব্যবসায়ী জুয়েল বলেন, ১০ রমজানের পর থেকেই দোকানে ক্রেতাদের সংখ্যা বাড়তে থাকে। এ বছর গত কয়েক বছরের তুলনায় বেচাকেনা ভালো হচ্ছে। প্রতিদিন বাড়ছে কাস্টমারের ভিড়।    

জিন্দাবাজারস্থ সিটি সেন্টারের ব্যবসায়ী আনোয়ার চৌধুরী জানান, এ বছর ক্রেতাদের চাপ একটু বেশি হবে; যা আগে থেকেই ধারণা করেছিলেন। তাই গত বছরের তুলনায় ঈদকে কেন্দ্র করে এবার ব্যবসায়ীরা মালও বেশি এনেছেন।

“আশা করি গত কয়েক বছরের ঈদ বাজারের তুলনায় এবার ভালো ব্যবসা হবে। সব মিলিয়ে এবার বেচা-বিক্রিতে ব্যবসায়ীরা খুশি।”    

পূর্ব জিন্দাবাজারের কাপড় ব্যবসায়ী তানিম চৌধুরী জানান, “ঈদ মানেই নতুন পোশাক। তাই ক্রেতাদের আকর্ষণে এবারও পোশাকে রঙ ও ডিজাইনে ভিন্নতা মাথায় রেখে নতুন কালেকশন এসেছে। ছোটদের জন্যও রয়েছে নানা ডিজাইনের কাপড়।  

তিনি বলেন, “ক্রেতাদের চাহিদা অনুযায়ী আমরা পোশাক দিতে পারছি। এ বছর সুতির কাপড়গুলো বেশি বিক্রি হচ্ছে।”

তবে ক্রেতাদের ভিড়ে দুপুরের পর থেকেই নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে লেগে যাচ্ছে তীব্র যানজট। তাই কেনাকাটা করতে এসে যানজটের দুর্ভোগের কথাও উঠে আসছে ক্রেতাদের কথায়।

পরিবার নিয়ে নগরীর ফেডারেল ট্রেড সেন্টারে কেনাকাটা করতে এসেছেন মাসুক মিয়া। তিনি জানান, বেলা ২টার দিকে টিলাগড়ের বাসা থেকে বের হয়েছেন- জিন্দাবাজার আসার জন্য। কিন্তু রাস্তায় চারটি পয়েন্টে যানজটে আটকা পড়েন তারা। ফলে জিন্দাবাজার আসতে এক ঘণ্টা সময় লেগেছে।

তিনি বলেন, “গরমও পড়েছে বেশি, রোজা রেখে এ গরমে যানজটে অবস্থা খারাপ হয়ে গেছে। এখন দ্রুত কেনাকাটা করে বাসায় ফিরতে চাই।”

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, “ঈদ উপলক্ষে এ সপ্তাহের শুরু থেকেই সিলেটে ক্রেতাদের সমাগম বেড়েছে। এ বছর ভালো ব্যবসা হবে ব্যবসায়ীদের।

ক্রেতাদের বেশি দামের অভিযোগের বিষয়ে তিনি বলেন, “দেশে সব জিনিসপত্রের দাম বাড়ায় পাশাপাশি কাপড়েরও কিছু দাম বেড়েছে। বঙ্গবাজার আগুনে পুড়ে যাওয়াতে কম দামের কাপড়ের সংকট রয়েছে; তাই দাম বেশি মনে করছেন ক্রেতারা। ”

নগরীতে যানজটের বিষয়ে সিলেট নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) সুদীপ দাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নগরীর যাটজট নিরসনে এসএমপি পুলিশ সর্বোচ্চ চেষ্টা  করছে। তাই ট্রাফিক পুলিশের পাশাপাশি প্রতিটি পয়েন্টে অতিরিক্ত পুলিশ সদস্যরা দায়িত্ব পালন  করছেন।

তিনি বলেন, “আমরা চেষ্টা করছে এই রমজান মাসে মানুষজনকে একটু স্বস্তি দিতে। তবে ঈদ বাজারকে কেন্দ্র করে সিলেটের বিভিন্ন জায়গা থেকে প্রতিদিন হাজার-হাজার গাড়ি শহরে ঢুকছে। গাড়ির সংখ্যা বেড়েছে; কিন্তু সেই তুলনায় রাস্তা বড় হয়নি। ”