টাঙ্গাইলে আমবোঝাই পিকআপ উল্টে প্রাণ গেল ২ ব্যবসায়ীর
রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকামুখী একটি পিকআপ যাত্রীবাহী বাসকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়।
টাঙ্গাইলের মির্জাপুরে আমবোঝাই পিকআপ উল্টে দুই ব্যবসায়ী নিহত হয়েছেন।
বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে উপজেলার জামুর্কী সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে বলে গোড়াই হাইওয়ে থানার এসআই মো. জাহাঙ্গীর আলম জানান।
নিহতরা হলেন- নরসিংদীর পলাশ উপজেলার চড়সিন্দু গ্রামের মো. সবুজ মিয়ার ছেলে আরিফুল ইসলাম (২৩) ও শিবপুর উপজেলার লাটপুর গ্রামের স্বপন বর্মণের ছেলে অর্থ বর্মণ (১৫)।
স্থানীয়দের বরাতে এসআই জাহাঙ্গীর বলেন, সকালে রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকামুখী আমবোঝাই একটি পিকআপ জামুর্কী সেতুর কাছে পৌঁছালে একটি যাত্রীবাহী বাসকে ওভারটেক করার চেষ্টা করেন চালক।
পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের ওপর উল্টে যায়; এতে ঘটনাস্থলেই অর্থ বর্মণ মারা যায়। এ ঘটনায় পিকআপে থাকা আরিফুল গুরুতর আহত হয়।
তাকে উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে এসআই জানান।
নিহতদের স্বজনদের সঙ্গে যোগাযোগের কথা জানিয়ে জাহাঙ্গীর বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
