২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গায় প্রাইভেট কারের চাকা ফেটে বাইকে ধাক্কা, নিহত ২

চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কের কুলপালা গ্রামে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2023, 10:13 PM

Updated : 30 Jul 2023, 10:13 PM

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। 

রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কে উপজেলার কুলপালা গ্রামে এ ঘটনা ঘটে বলে আলমডাঙ্গা থানার ওসি বিপ্লব কুমার নাথ জানান। 

নিহতরা হলেন- চুয়াডাঙ্গা খাদ্য গুদামের পরিদর্শক নজরুল ইসলাম (৫৮) এবং উপ-পরিদর্শক সাইদুর রহমান (৩৫)। 

নজরুল মেহেরপুর পৌর এলাকার বাসস্ট্যান্ড পাড়ার ইউনুস আলী শেখের ছেলে এবং সাইদুর রহমান মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা গ্রামের আনসার আলীর ছেলে। 

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, নজরুল ও সাইদুর দুজনে এক মোটরসাইকেলে করে চুয়াডাঙ্গা থেকে মেহেরপুরের দিকে যাচ্ছিলেন। প্রাইভেট কারটিও একই দিকে যাচ্ছিল। পথে প্রাইভেট কারটির চাকা ফেটে মোটরসাইকেলকে ধাক্কা দেয়।   

এতে দুজনই ঘটনাস্থলে মারা যান। পুলিশ লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে নিয়ে আসে বলে জানান ওসি বিপ্লব। 

তিনি বলেন, এ ব্যাপারে অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে।