গাজীপুরের রাস্তায় ফেলে রাখা ওয়্যারড্রোবে নারী শ্রমিকের লাশ
রাতের অন্ধকারে কে বা কারা ওয়্যারড্রোবটি এখানে ফেলে রেখে যায়।
গাজীপুর সদর উপজেলায় রাস্তার পাশে ফেলে রাখা ওয়্যারড্রোবের ভেতর থেকে এক নারী শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার গভীর রাত ২টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের বিকে বাড়ি সিকদার মার্কেটের রাস্তার পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জয়দেবপুর থানার ওসি মো. মাহাতাব উদ্দিন জানান।
নিহত সাবিনা বেগম (৩০) কুড়িগ্রাম জেলার উলিপুর থানার দারারপাড় গ্রামের আয়নাল হকের মেয়ে।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি মাহাতাব উদ্দিন জানান, রাস্তার পাশে কে বা কারা একটি ওয়্যারড্রোব রাতের অন্ধকারে রেখে যায়। পরে স্থানীয় লোকজন দেখে সন্দেহ হলে পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে এলাকাবাসীর উপস্থিতিতে ওয়্যারড্রোবটি খুলে নারীর লাশ দেখতে পায়। মরদেহটি গামছা দিয়ে হাত-পা বাঁধা ছিল।
পরে স্থানীয় গ্রামপুলিশ রেজাউল ইসলাম এসে মরদেহটি শনাক্ত করেন।
তিনি জানান, সাবিনা তার মেয়ের জামাই জসীম উদ্দীনের বোন।
জসীম উদ্দীন জানান, তার বোন সাবিনা নাওজোড় এলাকায় ভাড়া বাসায় একা থাকতেন। তিনি একটি কারখানায় চাকরি করতেন। কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে সে ব্যাপারে কিছুই বলতে পারছেন না তিনি।
জয়দেবপুর থানার ওসি বলেন, সাবিনার মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
