১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মানিকগঞ্জে রাসেলস ভাইপার সাপের কামড়ে কৃষকের মৃত্যু

শহিদুল বলেন, চিকিৎসকরা পরিবারকে জানান- লাল মিয়ার কিডনি এবং ফুসফুস নষ্ট হয়ে গেছে। হাসপাতালে রাখলে উন্নতি হবে না।

মানিকগঞ্জে রাসেলস ভাইপার সাপের কামড়ে কৃষকের মৃত্যু

শেখ লাল মিয়া।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2024, 01:17 PM

Updated : 07 Mar 2024, 01:17 PM

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার চরাঞ্চলে ‘রাসেলস ভাইপার’ সাপের কামড়ে এক কৃষকের মৃত্যু হয়েছে।

শুক্রবার দুপুরে সাপের কামড় খাওয়ার পর বুধবার রাত ২টার দিকে ওই কৃষক ফরিদপুরে মারা যান বলে জানিয়েছেন হরিরামপুর উপজেলার লেছড়াগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন।

নিহত শেখ লাল মিয়া (৩৪) লেছড়াগঞ্জ ইউনিয়নের কাজিকান্দা গ্রামের শেখ ইদ্রিসের ছেলে। ১৫-২০ দিন আগে লাল মিয়া মেয়ের বাবা হয়েছিলেন। এছাড়া তার ৬-৭ বছরের একটি ছেলে আছে।

Image

রাসেলস ভাইপার সাপ।

শেখ লালমিয়ার চাচাতো ভাই শহিদুল ইসলাম জানান, শুক্রবার (১ মার্চ) দুপুরে দিকে ভুট্টা ক্ষেতে পানি দেওয়ার সময় তার ভাইকে বিষধর ‘রাসেলস ভাইপার’ সাপে কামড় দেয়। সঙ্গে সঙ্গে তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তিনি ৫ দিন ভর্তি ছিলেন।

শহিদুল বলেন, মঙ্গলবার রাতে হাসপাতালের চিকিৎসকরা পরিবারকে জানান, তার ভাই লাল মিয়ার কিডনি এবং ফুসফুস নষ্ট হয়ে গেছে। হাসপাতালে রাখলে উন্নতি হবে না।

“পরে শেষ চেষ্টা হিসেবে কবিরাজি চিকিৎসার জন্য ফরিদপুর সদর উপজেলা খুশির দোকান গজারিয়া কবিরাজের বাড়িতে নিয়ে যায় তার পরিবার। সেখানে বুধবার রাত ২টার দিকে লাল মিয়ার মৃত্যু হয়।”

লেছড়াগঞ্জ ইউপির চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চরাঞ্চলে রাসেল ভাইপার আতঙ্ক বিরাজ করছে। এর আগে লেছড়াগঞ্জ, আজিমনগর ও সুতালড়ি চরাঞ্চলে সাপের কামড়ে কয়েকজন মারা গেছেন।

একই কথা জানালেন আজিমনগর ইউপির চেয়ারম্যান মো. বিল্লাল হোসেনও।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আজিমনগর ইউনিয়ন ছাড়াও সুতালড়ি ও লেছড়াগঞ্জ ইউনিয়নে পদ্মা পাড়ের লোকজন রাসেল ভাইপারের আতঙ্কে রয়েছে।

“আমার ইউনিয়নে বিশেষ করে ফরিদপুর জেলা সংলগ্ন পদ্মার চর এলাকায় গত অক্টোবর-নভেম্বর তিনজনকে রাসেল ভাইপার সাপে দংশন করে। তারা ফরিদপুরে চিকিৎসা নিয়েছেন।

“এর আগে বসন্তপুর এলাকায় একজন ও এনায়েতপুর এলাকায় আব্দুল্লাহ নামের এক যুবককে রাসেল ভাইপার সাপ দংশন করে। একজনের দংশনের জায়গা পঁচেও গেছে। ”

রাসেল ভাইপার সম্পর্কে মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী রেজিস্ট্রার ডা. আল মামুন বলেন, “পৃথিবীতে প্রতিবছর যত মানুষ সাপের কামড়ে মারা যায়, তার উল্লেখযোগ্য একটি অংশ এই রাসেল ভাইপারের কামড়ে মারা যায়। এই সাপের বিষ হোমোটক্সিন, যার কারণে মানুষের মাংস পচে যায়।”