২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষাপ্রতিষ্ঠানে কোভিডের প্রভাব পড়বে না: শিক্ষামন্ত্রী

মন্ত্রী বলেন, কোভিড টিকা গ্রহণের সাফল্যের ক্ষেত্রে সারাবিশ্বে বাংলাদেশ পঞ্চম।

শিক্ষাপ্রতিষ্ঠানে কোভিডের প্রভাব পড়বে না: শিক্ষামন্ত্রী

চাঁদপুরে একটি অনুষ্ঠানে অংশ নিয়ে কথা বলেন শিক্ষামন্ত্রী

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2022, 03:59 PM

Updated : 13 Oct 2022, 03:59 PM

শিক্ষার্থীদের টিকার আওতায় আনায় শিক্ষাপ্রতিষ্ঠানে করোনাভাইরাসের কোনো প্রভাব পড়বে না বলে মনে করেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

বৃহস্পতিবার দুপুরে চাঁদপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভা এবং নৌ-শোভাযাত্রা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

দীপু মনি বলেন, “করোনাভাইরাসের টিকা গ্রহণের সাফল্যের ক্ষেত্রে সারাবিশ্বে বাংলাদেশ পঞ্চম স্থানে রয়েছে। দেশের অধিকাংশ মানুষ এবং প্রায় সব শিক্ষার্থীকে এরই মধ্যে আমরা টিকার আওতায় নিয়ে আসেছি। এখন ৫ থেকে ১১ বছর বয়সীদেরকেও টিকার আওতায় নিয়ে আসা হচ্ছে।“

“তবে মাঝে মাঝে কোভিড আক্রান্তের সংখ্যা একটু বাড়লেও আমরা আশা করছি, আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এবং শিক্ষার্থীদের কোনো রকম অসুবিধা হবে না। কারণ তারা এরই মধ্যে টিকা গ্রহণ করেছে এবং তারা সুরক্ষিত থাকবে বলে আমরা আশা করি।”

“তবে টিকা দেওয়া থাকুক আর না থাকুক আমাদের সবাইকেই স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করতে হব,“ বলেন মন্ত্রী।

এ সময় আরও উপস্থিত ছিলেন নৌ-পুলিশের অতিরিক্ত আইজি মো. শফিকুল ইসলাম, জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মিলন মাহমুদ, নৌ-পুলিশ সুপার মো. কামরুজ্জামান, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল।