তিস্তা বিপৎসীমার উপরে, নীলফামারীতে পাঁচ হাজার মানুষ বন্যার ঝুঁকিতে
এতে ডিমলা ও জলঢাকা উপজেলার ১৫টি গ্রামের প্রায় পাঁচ হাজার মানুষ বন্যার ঝুঁকির মধ্যে পড়েছে।
ভারতের সিকিমে তিস্তা নদীর চুংথ্যাং ড্যাম ক্ষতিগ্রস্ত হওয়ার পর তিস্তার পানি বেড়ে বিপৎসীমার উপরে উঠে গেছে। এই অবস্থায় বুধবার নীলফামারীর ডালিয়া পয়েন্টে তিস্তা ব্যারেজের সব কপাট খুলে দেওয়া হয়েছে।
এতে ডিমলা ও জলঢাকা উপজেলার ১৫টি গ্রামের প্রায় পাঁচ হাজার মানুষ বন্যার ঝুঁকির মধ্যে পড়েছে। বন্যার আশঙ্কা করা হচ্ছে তিস্তা অববাহিকার রংপুর, কুড়িগ্রাম ও লালমনিরহাটের বিভিন্ন এলাকায়ও।
বুধবার সন্ধ্যা ৬টায় নীলফামারীর ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপৎসীমার ২০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হওয়ার খবর জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
এদিকে তিস্তার পানি বৃদ্ধি পাওয়ায় নদী বেষ্টিত বিভিন্ন এলাকায় বন্যার সতর্কতা জানিয়ে মাইকিং ও বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে জেলা ও উপজেলা প্রশাসন।
পাউবোর ডালিয়া ডিভিশনের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, পানি বৃদ্ধি অব্যাহত থাকায় নদীর তীরবর্তী নীলফামারীর ডিমলা উপজেলার পশ্চিম ছাতনাই, পূর্ব ছাতনাই, টেপাখড়িবাড়ি, খালিশাচাপানী, গয়াবাড়ি, ঝুনাগাছ ছাপানী, খগাখড়িবাড়ি ও জলঢাকা উপজেলার গোলমুণ্ডা, শৌলমারী ও কৈয়মারী ইউনিয়নের নিমাঞ্চলের ১৫টি গ্রামের পাঁচ সহস্রাধিক পরিবার বন্যার ঝুঁকিতে রয়েছে।
বুধবার বিকাল ৪টায় নদীর পানি বিপৎসীমা অতিক্রম করে পাঁচ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়; যা বিকাল ৫টা ও সন্ধ্যা ৬টায় দুই দফায় বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ২০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানায় পাউবো।
পানি বৃদ্ধি অব্যাহত থাকলে গভীর রাতে বিপৎসীমার ৫০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হওয়ার আশঙ্কা রয়েছে।
পাউবো ডালিয়ার নির্বাহী প্রকৌশলী আশফাউদ্দৌলা বলেন, “তিস্তা নদীর উৎপত্তিস্থল ভারতের উত্তর সিকিমে চুংথাং ড্যাম ক্ষতিগ্রস্ত হওয়ায় উজানে তিস্তার পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এতে করে গজলডোবা ও দোমুহুনী পয়েন্টে নদীর পানি বিপৎসীমার অনেক উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
“সেখানে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় নদীর ভাটি অঞ্চল বাংলাদেশ অংশেও পানি বৃদ্ধি পাচ্ছে। তিস্তা ব্যারাজের সবকটি জলকপাট খুলে রেখে আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। এখন পর্যন্ত আমাদের কোনো স্থাপনা ক্ষয়ক্ষতি হয়নি। তবে নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে।”
ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ খান বলেন, “নদীর পানি বৃদ্ধি পাওয়ায় উপজেলা প্রশাসন ও পাউবোর নির্দেশে বাড়ি বাড়ি গিয়ে এবং মাইকিং করে তিস্তা পাড়ের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলছি।
“এরই মধ্যে অনেকে তাদের পরিবার-পরিজন নিয়ে নিরাপদ আশ্রয়ে সরে গেছেন। প্রায় এক হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। পরিস্থিতি মোকাবেলায় পর্যাপ্ত নৌকা মোতায়েন রাখা হয়েছে।”
টেপাখড়িবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম শাহিন বলেন, “আমার ইউনিয়নের চারটি গ্রামের দুই হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। এলাকাবাসীকে নিরাপদ আশ্রয়ে সরে যেতে প্রচার চালানো হচ্ছে।”
যেকোনো পরিস্থিতি মোকাবেলায় এলাকার লোকজন নিয়ে সতর্ক অবস্থায় থাকার কথা জানিয়েছেন ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ময়নুল হক।
ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর-ই-আলম সিদ্দিকী বলেন, “আমি সকাল থেকে তিস্তা নদী এলাকায় অবস্থান করছি। সকাল থেকে এলাকায় মাইকিং করা হচ্ছে। বিভিন্ন মসজিদের মাইকে প্রচার চলছে।
“এরই মধ্যে চর এলাকার মানুষজন তাদের গবাদিপশু নিয়ে নিরাপদ আশ্রয়ে সরে যেতে শুরু করেছেন। যাদের জমিতে আধা পাকা ধান আছে তারা ধান কেটে নিচ্ছেন।”
নীলফামারী জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ বলেন, “পরিস্থিতি মোকাবেলায় ব্যাপক প্রচার চালানো হচ্ছে। পরিস্থিতি মোকাবেলায় ডিমলা উপজেলা পরিষদকে ৩০ টন চাল ও ৫০০ প্যাকেট শুকনা খাবার বরাদ্দ দেওয়া হয়েছে। এর বাইরেও প্রয়োজনীয় ত্রাণ মজুদ আছে।”
[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল 0৪ অক্টোবর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক]
