২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোনো প্রার্থীকে দুর্বল ভাবছি না: বাণিজ্যমন্ত্রী

“নির্বাচনে মানুষের উৎফুল্লতা বিরাজ করছে। সব মিলিয়ে নির্বাচন অংশগ্রহণমূলকই হবে।”

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2023, 05:39 PM

Updated : 18 Dec 2023, 05:39 PM

নির্বাচনে কোনো প্রার্থীকে দুর্বল মনে করছি না বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

সোমবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে রংপুর-৪ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে নৌকার প্রতীক বরাদ্দ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

টিপু মুনশি বলেন, “জাতীয় পার্টি বড় দল, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। এ নিয়ে আমি চিন্তিত নই।”

অংশগ্রহণমূলক নির্বাচন হবে কি-না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, “বিএনপি বড় দল, নির্বাচনে আসে নাই। অন্যান্য দল এসেছে। তা ছাড়া নির্বাচনে মানুষের উৎফুল্লতা বিরাজ করছে। সব মিলিয়ে নির্বাচন অংশগ্রহণমূলকই হবে।”

এবারের নির্বাচনে প্রতিশ্রুতির বিষয়ে তিনি বলেন, “নির্বাচনি এলাকার প্রায় ৯০-৯৫ শতাংশ রাস্তা পাকা করাসহ অন্যান্য উন্নয়নমূলক কাজ হয়েছে।

“এবারে এমপি হলে বেকারত্ব ঘোঁচাতে ও অর্থনৈতিক উন্নয়নে প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল বাস্তবায়ন করবো। এই অর্থনৈতিক অঞ্চল বাস্তবায়ন হলে প্রায় লক্ষাধিক মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে।”

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা।