২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শার্শায় ১৭টি স্বর্ণের বারসহ ‘পাচারকারী’ আটক

উদ্ধার হওয়া স্বর্ণের ওজন এক কেজি ৯৮৫ গ্রাম এবং মূল্য প্রায় দুই কোটি টাকা বলে বিজিবি জানিয়েছে।

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2022, 06:19 PM

Updated : 19 Aug 2022, 06:19 PM

যশোরের শার্শার সীমান্ত থেকে ১৭টি স্বর্ণের বারসহ এক ব্যক্তি আটক হয়েছেন; যাকে পাচারকারী বলছে বিজিবি।

শুক্রবার সকালে রুদ্রপুর এলাকা থেকে তাকে আটক করা হয় বলে খুলনা ২১ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান জানান।

আটক মোনতাজ হোসেন (৪৫) শার্শার পুটখালী গ্রামের প্রয়াত দ্বীন মোহাম্মাদের ছেলে।

লেফটেন্যান্ট কর্নেল তানভীর বলেন, গোপন সংবাদ পেয়ে রুদ্রপুর ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার ইসমাইল হোসেনের নেতৃত্বে বিজিবির একটি টহল দল এই অভিযান চালায়।

“মোনতাজের দেহ তল্লাশি করে ১৭টি স্বর্ণের বার উদ্ধার করা হয়; যার মোট ওজন এক কেজি ৯৮৫ গ্রাম এবং আনুমানিক মূল্য প্রায় দুই কোটি টাকা।”

আটক স্বর্ণের বারসহ মোনতাজকে শার্শা থানায় সোপার্দ করা হয়েছে বলে বিজিবি জানায়।