নারায়ণগঞ্জে যুবদল নেতাকে তুলে নিয়ে কুপিয়ে হত্যা
স্বেচ্ছাসেবক লীগ নেতা হাসমত আলীর দুই ভাই কিসমত ও কামালকে পুলিশ গ্রেপ্তার করেছে।
জমির বিরোধের জেরে নারায়ণগঞ্জে এক যুবদল নেতাকে তুলে নিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ ওঠার পর স্থানীয় এক স্বেচ্ছাসেবক লীগ নেতার দুই ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহতের স্বজনদের অভিযোগ, মঙ্গলবার সকালে আড়াইহাজার উপজেলার দুপ্তারা ইউনিয়নের কালিবাড়ি বাজার থেকে তাকে তুলে নেওয়া হয়। পরে একটি বাড়িতে নিয়ে নির্যাতন চালিয়ে তাকে হত্যা করা হয়।
নিহত মাহবুবুল আলম (৩৩) উপজেলার দুপ্তারা ইউনিয়নের সিংড়াটির আবু হানিফার ছেলে। তিনি দুপ্তারা ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক ছিলেন।
আড়াইহাজার থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম সোহাগ জানান, এ ঘটনায় জড়িত অভিযোগে দুপ্তারা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাসমত আলীর দুই ভাই কিসমত ও কামালকে গ্রেপ্তার করা হয়েছে।
নিহতর বড় ভাই হাবিবুর রহমান বলেন, হাসমত আলী তাদের আত্মীয়; তবে তিনি সরকারি দল করেন। তার ভাই মাহবুব করতেন বিএনপি।
হাবিবুর জানান, মাহবুব তাদের এক আত্মীয়ের কাছ থেকে ১২ শতাংশ জমি কেনেন। ওই জমি ওয়ারিশসূত্রে মালিক বলে দাবি করেন হাসমত আলী।
ওই জমির বিরোধে একাধিকবার স্থানীয়ভাবে সালিশও হয়েছে; কিন্তু সমাধান হয়নি; এই ঘটনাকে কেন্দ্র করে তার ভাইকে একদল লোক তুলে নিয়ে যায় বলে তিনি অভিযোগ করেন।
তিনি আরও অভিযোগ করেন, তুলে নিয়ে যাওয়ার পর একটি বাড়িতে তাকে আটকে রেখে নির্যাতন করেন হাসমতের ভাই মো. কিসমত, মো. কামালসহ আরও কয়েকজন। তারা তার ভাইকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে।
আড়াইহাজার থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম সোহাগ বলেন, দুই পক্ষের মধ্যে জমি নিয়ে বিরোধ ছিল। এ বিরোধের জেরে মাহবুবকে তুলে নিয়ে নির্যাতনের পর হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন নিহতের স্বজনরা। লাশ নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে আছে। ময়নাতদন্তের পর এই ঘটনায় মামলা দায়ের করা হবে।
