শার্শায় আগুনে কম্পিউটারের দোকান ভস্মীভূত
বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকলে আগুন সহজেই নিয়ন্ত্রণ করা যেত বলে দোকানের মালিক জানান।
যশোরের শার্শায় কম্পিউটার-ফটোকপির দোকান আগুনে ভস্মীভূত হয়েছে; এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়-ক্ষতির দাবি প্রতিষ্ঠান মালিকের।
বেনাপোল ফায়ার সার্ভিসের ইনচার্জ রতন কুমার দেবনাথ বলেন, “বুধবার গভীর রাতে উপজেলার জামতলা বাজারে ‘মায়া ডিজিটাল ল্যাব’ নামে একটি দোকানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
“আধাঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।”
প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক রায়হান আলি বলেন, “রাতে নৈশ প্রহরীদের মাধ্যমে সংবাদ পেয়ে এসে দেখি তখনও আগুন পুরোপুরি ছড়িয়ে পড়েনি। কিন্তু বিদ্যুৎ বিভাগের গাফিলতির কারণে আমাদের এত বড় ক্ষতি হয়ে গেল। তাদের বারবার ফোন দেওয়া সত্ত্বেও তারা সাড়া দেয়নি।”
পরে বাগআচড়া পল্লীবিদ্যুৎ সমিতির কার্যালয়ে গিয়ে বিদ্যুৎ লাইন বিচ্ছিন্নের ব্যবস্থা করা হয় বলে তিনি জানান।
প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী ইকবাল হোসেন বলেন, “আগুনে ল্যাবে থাকা একাধিক কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টার, ফটোকপি মেশিন, লেমিনেটিং মেশিন, ক্যামেরা, সিসিটিভি, আইপিএসসহ বিভিন্ন মালামাল সম্পূর্ণ পুড়ে গেছে।”
এতে তার অন্তত ২০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করছেন।
তিনি অভিযোগ করেন, বিদ্যুৎ বিভাগের গাফিলতির কারণে এত বড় ক্ষতি হয়ে গেল। বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকলে আগুন সহজেই নিয়ন্ত্রণ করা যেত। এমনকি ফায়ার সার্ভিসের কর্মীরা যখন কাজ করছিলেন তখন তারা আবার সংযোগ দিলে তাদের কাজ বাধাগ্রস্ত হয়।
এ ব্যাপারে শার্শা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে বলে জানান ইকবল হোসেন।
যশোর পল্লীবিদ্যুৎ সমিতি-১ বাগআচড়া জোনালা অফিসের এজিএম শ্যামল কুমার বলেন, “আমি সকালে বিষয়টি শুনেছি; তারপর ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানিয়েছি।”
