২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধুনটে আওয়ামী লীগের সম্মেলন এক যুগ পর

ধুনট আওয়ামী লীগের সম্মেলন ছিল দলের বগুড়া জেলার সর্বশেষ উপজেলা সম্মেলন।

ধুনটে আওয়ামী লীগের সম্মেলন এক যুগ পর

নতুন কমিটির সভাপতি টিআইএম নূরুন্নবী তারিক; সাধারণ সম্পাদক আসিফ ইকবাল সনি।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2022, 02:46 AM

Updated : 25 Oct 2022, 01:38 PM

দীর্ঘ বারো বছর পর বগুড়ার ধুনট উপজেলা আওয়ামী লীগের সম্মেলন হয়েছে। 

 ধুনট এন ইউ  পাইলট হাই স্কুল মাঠে অনুষ্ঠিত এই সম্মেলনে সভাপতিত্ব করেন দলের উপজেলা সভাপতি টিআই নুরুন্নবী তারিক। 

ধুনট আওয়ামী লীগের সম্মেলন ছিল দলের বগুড়া জেলার সর্বশেষ উপজেলা সম্মেলন। ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে বৃষ্টি ও বাতাস উপেক্ষা করে হাজার হাজার ডেলিগেট ও কাউন্সিলর সম্মেলনে যোগ দেন। 

সম্মেলনের প্রথম অধিবেশনের উদ্বোধন করেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু। 

ধুনট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকনের সঞ্চালনায় সম্মেলনের কাজ শুরু হয়। 

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সর্বসম্মতিক্রমে টিআইএম নূরুন্নবী তারিককে পুনরায় সভাপতি ও আসিফ ইকবাল সনিকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে আব্দুল হাই খোকন ও গোলাম হোসেন সরকারকে সহ-সভাপতি, মহসীন আলম, শরিফুল ইসলাম খান ও ফরিদুল ইসলামকে যুগ্ন সাধারণ সম্পাদক ও মোজাফ্ফর হোসেনকে সদস্য করা হয়েছে। 

সম্মেলনে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন  বিএনপির উদ্দেশ্যে বলেন, “জনসভা ও মিছিল-মিটিং করেন কেউ বাধা দেবে না; কিন্তু সন্ত্রাস কিংবা নৈরাজ্য সৃষ্টি করলে কঠোর হাতে দমন করা হবে। নির্বাচনের তফসিল ঘোষণার পর যদি নির্বাচন বিরোধী কোনো কাজ করা হয় তাহলে আপনাদের মাঠ থেকে ঘরে উঠানো হবে।” 

অনুষ্ঠানে বিশেয অতিথি ছিলেন আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক রোকেয়া সুলতানা, জেলা সভাপতি মজিবর রহমান মজনু, সংসদ সদস্য হাবিবর রহমান, জেলা সাধারণ সম্পাদক রাগিবুল আহসান রিপু, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ম. রাজ্জাক।