টেকনাফে পৃথকস্থান থেকে ২ লাশ উদ্ধার
স্থানীয়দের কাছে খবর পেয়ে একজনের ভাসমান লাশ উদ্ধার করে পুলিশ; আরেকজনের লাশ মিলেছে গুলিবিদ্ধ অবস্থায়।
কক্সবাজারের টেকনাফ উপজেলার পৃথক স্থান থেকে অজ্ঞাত পরিচয় দুই ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
টেকনাফ মডেল থানার ওসি মো. হাফিজুর রহমান জানান, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে টেকনাফ পৌরসভার কায়ুকখালীয়া পাড়া খালে সাজেদের ফিসারির সামনে থেকে একজনের ও ভোরে হ্নীলার দমদমিয়া পাহাড়ি এলাকা থেকে আরেকজনের লাশ উদ্ধার করেন তারা।
নিহতদের একজনের বয়স ২০ ও আরেকজনের ৪৫ বছর বলে ধারণা করছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানাতে পারেনি।
ওসি বলেন, কায়ুকখালীয়া পাড়া খালের সাজেদের ফিসারির সামনে এক ব্যক্তির লাশ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। আর দমদমিয়া পাহাড়ি এলাকায় গুলিবিদ্ধ অবস্থায় আরেক ব্যক্তির লাশ উদ্ধার করেন তারা।
লাশ দুটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
