গোপালগঞ্জে তিন ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, জরিমানা
সনদ হালনাগাদ না করা পর্যন্ত একটি ডায়াগনস্টিক সেন্টার সাময়িকভাবে বন্ধ করা হয়েছে।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় অভিযান চালিয়ে তিন ডায়াগনস্টিক সেন্টারকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
জেলার সিভিল সার্জন মুহাম্মদ জিল্লুর রহমান জানান, মঙ্গলবার দুপুরে উপজেলার পাটগাতী বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করেন
গোপালগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-ইয়াসা রহমান তাপাদার।
তিনি বলেন, সনদ হালনাগাদ না থাকায় টুঙ্গিপাড়া প্যাথলজি সেন্টারকে ২০ হাজার, এক্সরে কক্ষে অস্বাস্থ্যকর পরিবেশ থাকায় মধুমতি ডায়াগনস্টিক সেন্টারকে ১৫ হাজার এবং রোগীদের পরীক্ষা-নিরীক্ষার রেজিস্ট্রার না থাকায় মদিনা ডায়াগনস্টিক সেন্টারকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ ছাড়া সনদ হালনাগাদ না করা পর্যন্ত টুঙ্গিপাড়া প্যাথলজি সেন্টার সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে বলে এ সিভিল সার্জন জানান।
এ সময় র্যাব-৬ এর ফ্লাইট লেফটেন্যান্ট রাসেল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জসিম উদ্দিন, জেলা সিভিল সার্জন কার্যালয়ের এমওডিসি এস এম সাকিবুর রহমান উপস্থিত ছিলেন।
