১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

রুয়েটে ভিসি নিয়োগ, পদোন্নতির দাবিতে আন্দোলনে শিক্ষকরা

এক বছরের বেশি নিয়োগ বন্ধ রয়েছে বলে জানিয়েছেন শিক্ষকরা।

রুয়েটে ভিসি নিয়োগ, পদোন্নতির দাবিতে আন্দোলনে শিক্ষকরা

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অবস্থান কর্মসূচি।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2023, 04:53 PM

Updated : 06 May 2023, 04:53 PM

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগসহ তিন দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষকরা। 

শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রসাশনিক ভবনের সামনে এ অবস্থান কর্মসূচি পালন করেন তারা। এতে সভাপতিত্ব করেন রুয়েট শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ফারুক হোসেন। 

দাবির মধ্যে আরও রয়েছে- পদোন্নতির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ এবং যোগ্যতা প্রাপ্তির তারিখ থেকে শিক্ষকদের পদোন্নতি। 

ফারুক হোসেন বলেন, “২০২২ সালের ৬ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ে সবশেষ শিক্ষক নিয়োগ দেওয়া হয়। এরপর ১ বছর ৩ মাস কেটে গেলেও আর কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। 

“ফলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ এবং ইন্সটিটিউটের ৮০ জনের অধিক শিক্ষক পদোন্নতির জন্য সব শর্ত পূরণ করে অপেক্ষমান আছেন।” 

তিনি আরও বলেন, বিভাগীয় প্রধানদের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। বিষয়গুলো সমাধানে অতিরিক্ত দায়িত্বে থাকা উপাচার্যকে একাধিকবার উদ্যোগ গ্রহণের জন্য অনুরোধ করা হলেও এর কোনো সমাধান হয়নি। 

এ অবস্থায় আন্দোলনের কর্মসূচি দিতে শিক্ষকরা বাধ্য হয়েছে বলে জানান এ শিক্ষক নেতা। 

অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক রবিউল আওয়াল, মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক সারাফাত হোসেন অভি, এমটিই বিভাগের প্রভাষক ফাইসাল রহমান বাদল, জিসিই বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন এবং ইইই বিভাগের সহকারী অধ্যাপক আবু সাদাত সায়েম। 

আরও বক্তব্য দেন নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের সহকারী অধ্যাপক মোস্তাফিজুর রহমান, প্রভাষক বখতিয়ার খলজি, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক ফারজানা আকতার এবং মানবিক বিভাগের প্রভাষক আহসান হাবীব। 

রুয়েটের সাবেক উপাচার্য অধ্যাপক ড. রফিকুল ইসলাম সেখ গত বছরের ৩০ জুলাই অবসরে যান। এর একদিন পর শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে রুয়েটের ফলিতবিজ্ঞান ও মানবিক অনুষদের ডিন ড. সাজ্জাদ হোসেনকে উপাচার্যের দায়িত্ব দেওয়া হয়। এরপর থেকে তিনিই রুটিন উপাচার্যের দায়িত্ব পালন করে আসছেন।