Published : 31 Oct 2023, 07:56 PM
শরীয়তপুরের জাজিরা উপজেলায় সড়কে আহত অবস্থায় পড়ে থাকা একটি ‘মেছোবাঘ’ উদ্ধার করেছে স্থানীয়রা।
সোমবার রাত সাড়ে ১২টার দিকে শরীয়তপুর-ঢাকা মহাসড়কের উপজেলার রূপবাবুর হাট এলাকার প্রাণীটি পাওয়া যায় বলে নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হাসান সোহেল জানান।
স্থানীয় জানান, রাতে বাউল গান শুনে বাড়ি ফিরছিলেন দবির হাওলাদার (৪৫) নামের স্থানীয় বাসিন্দাসহ কয়েকজন। এসময় তারা ওই এলাকায় সড়কে প্রাণীটিকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন।
অন্যরা ভয়ে কাছে না গেলেও দবির হাওলাদার সেটির হাত-পা বেঁধে বাড়িতে এনে সেবা-যত্ন করেন এবং পানি খাওয়ান।
এক পর্যায়ে প্রাণীটি সুস্থ হয়ে গর্জন শুরু করলে তাকে প্লাস্টিকের বাক্সে আটকে রাখেন। পরে বিষয়টি তিনি স্থানীয় প্রশাসনকে জানান।
দবির হাওলাদার বলেন, “রাতে প্রাণীটি রাস্তার ওপর পড়ে গোঙ্গানির আওয়াজ করছিল। বাঘের মত দেখতে হওয়ায় অন্যরা ভয়ে কেউ কাছে যায়নি। পরে আমি প্রাণীটির হাত-পা দড়ি দিয়ে বেঁধে বাড়িতে এনে মাথায় পানি ঢালি আর পানি খাওয়াই। পরে প্রাণীটি সুস্থ হয়ে ওঠে।”
ইউএনও কামরুল হাসান সোহেল বলেন, “এরই মধ্যে একটি মেছোবাঘ আটকের খবর পেয়েছি। বিষয়টি উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তাকে জানানো হয়েছে। তিনি ঘটনাস্থলে গিয়ে সেটি নিয়ে আসবেন।”