গোপালগঞ্জে বঙ্গবন্ধুর বায়োপিক বিনামূল্যে প্রদর্শিত হবে আরও ৩ দিন
প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা; দুপুর ২টা থেকে বিকাল ৫টা এবং সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত চলচ্চিত্রটি প্রদর্শন করা হচ্ছে।
গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের বায়োপিক ‘মুজিব: একটি জাতির রূপকার’ বিনামূল্যে প্রদর্শনীর মেয়াদ আরও তিন দিন বৃদ্ধি করেছে জেলা প্রশাসন।
জেলা শিল্পকলা একাডেমির শেখ ফজলুল হক মণি অডিটোরিয়ামে আগামী রোববার পর্যন্ত চলচ্চিত্রটি বিনামূল্যে প্রদর্শন করা হবে বলে জানিয়েছেন গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম।
প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা; দুপুর ২টা থেকে বিকাল ৫টা এবং সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত চলচ্চিত্রটি প্রদর্শন করা হচ্ছে।
গত ১৩ অক্টোবর চলচ্চিত্রটি মুক্তি পাওয়ার পর গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়ায় সাত দিন ব্যাপী বিনামূল্যে প্রদর্শনের ব্যবস্থা করে জেলা প্রশাসন। বৃহস্পতিবার চলচ্চিত্রটি বিনামূল্যে প্রদর্শনের নির্ধারিত সময় শেষ হয়।
গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম বলেন, “সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নির্মিত চলচ্চিত্রটি গোপালগঞ্জের দর্শকদের হৃদয় কেড়েছে।
“প্রতিটি শোতে দর্শকের উপচে পড়া ভীড় লক্ষ্য করা গেছে। বিশেষ করে তরুণ প্রজন্ম সিনেমাটি বেশি দেখছে। অনেকে আবার সিট না পেয়ে চলচ্চিত্রটি দেখতে পারেননি। তাই সব শ্রেণি পেশার দর্শকদের চলচ্চিত্রটি দেখার সুযোগ করে দিতে আমরা আরও তিন দিন প্রদর্শনী বাড়িয়েছি।”
“আশা করছি রোববার পর্যন্ত তিন দিনে অন্তত সাত হাজার দর্শক ছবিটি দেখার সুযোগ পাবেন”- বলেন জেলা প্রশাসক।
