কিশোরগঞ্জে নৌকা বাইচ দেখতে গিয়ে নিখোঁজ ৩ জনের মরদেহ উদ্ধার
ঘটনাস্থল থেকে তিন কিলোমিটার দূর থেকে দুইজনের এবং ছয় কিলোমিটার দূর থেকে আরেকজনের মরদেহ উদ্ধার করা হয়।
কিশোরগঞ্জের হোসেনপুরে পুরাতন ব্রহ্মপুত্র নদে নৌকা বাইচ দেখতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ তিন জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
ঘটনার দুই দিন পর ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানা এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুজর গিফারী।
তিনি জানান, বুধবার সকাল ৬টার দিকে সিফাত (১৫) ও তার ভাতিজা ইয়াছিনের (৫) মরদেহ ঘটনাস্থল থেকে তিন কিলোমিটার দূরে খুরশীদমহল সেতুর নীচ থেকে উদ্ধার করা হয়।
পরে সকাল নয়টার দিকে ঘটনাস্থল থেকে ছয় কিলোমিটার দূরে গাভীশিমুল এলাকা থেকে শামীমের (৩৫) মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার সন্ধ্যা ৬টার দিকে হোসেনপুর উপজেলার সাহেবেরচর গ্রামের পাশে পুরাতন ব্রহ্মপুত্র নদে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বিকালে সিদলা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে পুরাতন ব্রহ্মপুত্র নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়। এ প্রতিযোগিতা দেখতে ঢল নামে হাজারো মানুষের। অন্যদের সঙ্গে ব্রহ্মপুত্র নদে একটি নৌকা থেকে শামীম, সিফাত, ইয়াছিনও নৌকাবাইচ দেখছিলো।
এ সময় আরেকটি নৌকার ধাক্কায় হঠাৎ তাদের নৌকাটি ডুবে যায়। তবে অন্য দর্শনার্থীরা সাঁতরে পাড়ে উঠতে পারলেও তিন জনকে খুঁজে পাওয়া যায়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার কাজ শুরু করে।
আরও পড়ুন:
