২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাধীনতা দিবসে বিশেষ খাবার না থাকায় রাবির হল গেইটে তালা

বিশেষ খাবারের ব্যবস্থাসহ আরও কিছু দাবি জানান শিক্ষার্থীরা।

স্বাধীনতা দিবসে বিশেষ খাবার না থাকায় রাবির হল গেইটে তালা

এক ঘণ্টারও বেশি সময় ধরে শিক্ষার্থীরা হল গেইট তালাবদ্ধ করে রাখেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2023, 11:06 PM

Updated : 25 Mar 2023, 11:06 PM

স্বাধীনতা দিবস উপলক্ষে বিশেষ খাবারের ব্যবস্থাসহ বেশকিছু দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হল গেইটে তালা দেন আবাসিক শিক্ষার্থীরা। 

শনিবার দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলে এ ঘটনা ঘটে। 

এক ঘণ্টারও বেশি সময় ধরে শিক্ষার্থীরা হল গেইটটি তালাবদ্ধ করে রাখেন।

পরে হল প্রাধ্যক্ষের আশ্বাসে তালা খুলে দেওয়া হয়। 

শিক্ষার্থীদের অন্য দাবিগুলো হলো: রিডিং রুমের পরিসর বাড়ানো, ব্যায়ামাগার চালু, গোসলখানায় ময়লার ঝুড়ির ব্যবস্থা করা, শৌচাগারে বদনা রাখা, ক্রীড়া কক্ষ চালু ও বিতর্ক পাঠশালা অন্যত্র স্থানান্তর, হলের প্রতিটি তলায় বিশুদ্ধ পানির ব্যবস্থা করা ও নিয়মিত পানির ট্যাংক পরিষ্কার করা, ডাইনিং ও ক্যানটিনের খাবারের মান বাড়ানো, হলে ইফতারের ব্যবস্থা করা, ওয়াইফাই সমস্যার স্থায়ী সমাধান, মশা নিধনে ব্যবস্থা নেওয়া, স্থানীয়দের সঙ্গে সংঘর্ষে আহত ছাত্রদের সঙ্গে হল প্রাধ্যক্ষের অসহযোগিতামূলক আচরণের কারণ বর্ণনা। 

একাধিক শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে বলেন, স্বাধীনতা দিবসে প্রতিবারই শিক্ষার্থীদের জন্য বিশেষ খাবার বরাদ্দ থাকে। তবে সেটা অন্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় খুবই নগন্য। কিন্তু এবার রমজানের কথা বলে সেটা থেকেও শিক্ষার্থীদের বঞ্চিত করা হচ্ছে। প্রশাসন চাইলে হলগুলোতে সেহরি অথবা ইফতারে ভালো মানের খাবার ব্যবস্থা অবশ্যই করতে পারত। কিন্তু তাও করছে না। 

শিক্ষার্থীদের দাবিগুলোর সঙ্গে ছাত্রলীগের বেশকিছু নেতা-কর্মীও একাত্মতা প্রকাশ করেন। 

সোহরাওয়ার্দী হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাইম ইসলাম বলেন,“বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের যেকোনো আন্দোলনে ছাত্রলীগ সব সময় পাশে থেকেছে। এরই ধারাবাহিকতায় শিক্ষার্থীদের আজকের আন্দোলনকে যৌক্তিক মনে হয়েছে, তাই একাত্মতা প্রকাশ করে অবস্থান করছি।” 

যদিও বেলা সাড়ে ৩টার দিকে ঘটনাস্থলে হল প্রাধ্যক্ষ এলে গেইটের তালা খুলে দেওয়া হয়।  

পরে হল শাখা ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সাধারণ শিক্ষার্থীদের নিয়ে আলোচনায় সমস্যা সমাধানের আশ্বাস দেন প্রাধ্যক্ষ। 

প্রাধ্যক্ষ পরিষদের আহ্বায়ক সায়েদা নুসরাত জাহান বলেন, “রোজার মাস হওয়ায় এবার স্বাধীনতা দিবসে শিক্ষার্থীদের জন্য বিশেষ কোনো খাবারের আয়োজন করা হয়নি। তবে এ খাবার বিজয় দিবসে দেওয়া হবে। তাছাড়া এ খাবার নিয়ে আগেও শিক্ষার্থীদের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে, তাই রমজান মাসে যেকোনো ঝামেলা এড়াতে বিশেষ খাবারের ব্যবস্থা রাখা হয়নি।”