রাবি গ্রন্থাগারে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য লিফট, ‘ডিজেবল কর্নার’
উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম বলেন, “লিফট না থাকায় বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে গ্রন্থাগারের পূর্ণাঙ্গ সেবা থেকে বঞ্চিত হচ্ছিলেন।”
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের সুবিধার জন্য লিফট ও ‘ডিজেবল কর্নার’ স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শনিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম কেন্দ্রীয় গ্রন্থাগারের চলমান সংস্কারকাজ পরিদর্শনের পর এ উদ্যোগের কথা জানান।
১৯৬৪ সালে প্রতিষ্ঠিত এ গ্রন্থাগারে ভবনে ওঠানামার জন্য সিঁড়িই এত দিন ছিল একমাত্র মাধ্যম। এ ছাড়া ভবনের প্রবেশপথে থাকা তিনটি এক্সেসিবল গেইট দীর্ঘদিন ধরে অচল থাকায় হুইলচেয়ার ব্যবহারকারী শিক্ষার্থীদের লাইব্রেরিতে প্রবেশ করতে ভোগান্তিতে পড়তে হতো।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, নতুন পরিকল্পনার আওতায় গ্রন্থাগারে লিফট ও ‘ডিজেবল কর্নার’ তৈরির পাশাপাশি নারী ও পুরুষ শিক্ষার্থীদের জন্য পৃথক দুটি বিশেষ শৌচাগার নির্মাণ করা হবে। এ ছাড়া বাইরে শিক্ষার্থীদের সাইকেল ও মোটরবাইক সুশৃঙ্খলভাবে রাখার জন্য গ্যারেজ তৈরির পরিকল্পনাও রয়েছে।
উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম বলেন, “লিফট না থাকায় বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে গ্রন্থাগারের পূর্ণাঙ্গ সেবা থেকে বঞ্চিত হচ্ছিলেন। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) আর্থিক সহযোগিতায় দ্রুতই এখানে একটি লিফট স্থাপন করা হবে।”
তিনি বলেন, “গ্রন্থাগারের একটি কক্ষে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের উপযোগী ‘ডিজেবল কর্নার’ গড়ে তোলা হবে। সেখানে তাদের জন্য প্রয়োজনীয় সব সুবিধা নিশ্চিতের ব্যবস্থা থাকবে।”
