২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে ২টি মর্টার শেল উদ্ধার, পরীক্ষার জন্য থানায়

মর্টার শেল দুটি বিস্ফোরক বিশেষজ্ঞদের দিয়ে পরীক্ষার জন্য থানায় রাখা হয়েছে।

দিনাজপুরে ২টি মর্টার শেল উদ্ধার, পরীক্ষার জন্য থানায়

মর্টার শেল দুটি পানিতে ভিজিয়ে রাখা হয়েছে।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2022, 12:09 AM

Updated : 02 Nov 2022, 01:50 PM

দিনাজপুরের সীমান্তবর্তী হাকিমপুর উপজেলায় দুইটি মর্টার শেল পাওয়া গেছে, যেগুলো মুক্তিযুদ্ধের সময়ের বলে ধারণা করা হচ্ছে।

উপজেলার মহেশপুর এলাকা থেকে মঙ্গলবার দুপুরে পুলিশ মর্টার শেল দুটি উদ্ধার করে বলে হাকিমপুর থানার ওসি আবু সায়েম মিয়া জানান।

আবু সায়েম মিয়া জানান, উপজেলার আলীহাট ইউনিয়নের মহেশপুর গ্রামের ইউসুফ আলী সকালের দিকে তার নিজের জমিতে কোদাল দিয়ে মাটি খুঁড়ছিলেন। এ সময় মাটিতে কোদালের কোপ দিলে লোহার শব্দ পেয়ে মাটি সরাতে থাকেন। পরে শেল দুটি তুলে তিনি বাড়ি নিয়ে যান। 

ঘটনাটি জানাজানি হওয়ার পর গ্রাম পুলিশ থানায় খবর দেয়; পরে পুলিশ মর্টার শেল দুটি থানায় নিয়ে আসে বলে তিনি জানান।

ওসি আরও বলেন, “ধারণা করা হচ্ছে মর্টার শেল দুটি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনাবাহিনী ফেলে রেখে যায়। পরে  কেউ হয়ত মাটির নিচে পুঁতে রাখে।”   

মর্টার শেল দুটির ওজন ২৪ কেজি; বিস্ফোরক বিশেষজ্ঞদের দিয়ে পরীক্ষার জন্য থানায় রাখা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।