২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মাকে জিম্মি করে মেয়েকে ধর্ষণ: ফাঁসির আসামি গ্রেপ্তার দেড় যুগ পর

ফুলগাজীতে ২০০৩ সালে দলবেঁধে ধর্ষণের ঘটনায় এ বছর জুলাই মাসে মৃত্যুদণ্ডের রায় আসে লাতু মিয়ার।

মাকে জিম্মি করে মেয়েকে ধর্ষণ: ফাঁসির আসামি গ্রেপ্তার দেড় যুগ পর

গ্রেপ্তার লাতু মিয়া

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2022, 05:09 PM

Updated : 18 Oct 2022, 05:09 PM

ফেনীর সোনাগাজীতে প্রায় দুই দশক আগে এক কিশোরীকে দলবেঁধে ধর্ষণের ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। 

র‍্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ জানান, সোমবার রাতে রাজধানীর বাড্ডা থেকে ৫৫ বছর বয়সী অলি নবী ওরফে লাতু মিয়াকে গ্রেপ্তার করা হয়। 

ফুলগাজীতে ২০০৩ সালে মাকে অস্ত্রের মুখে আটকে রেখে তার ১৩ বছর বয়সী মেয়েকে দলবেঁধে ধর্ষণের ঘটনায় জড়িত থাকার দায়ে তার মৃত্যুদণ্ডের রায় আসে এ বছর জুলাই মাসে। 

র‌্যাব বলছে, নিরক্ষর লাতু মিয়া এলাকায় আধিপত্য বিস্তার, জমি দখল, চুরি, ডাকাতিসহ নানা অপকর্মে জড়িত ছিলেন। মাঝে তিনি আরও একটি ডাকাতির মামলায় কিছুদিন জেল খেটেছেন। 

মঙ্গলবার দুপুরে রাজধানীর কারওয়ানবাজার র‍্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে লেফটেন্যান্ট কর্নেল আরিফ বলেন, ২০০৩ সালের ১৩ মে গভীর রাতে সোনাগাজীর নবাবপুর ইউনিয়নের একটি বাড়ির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে বিধবা মা ও ১৩ বছরের মেয়েকে জোর করে টেনে হেঁচড়ে বাইরে নিয়ে আসা হয়।

“এরপর মাকে অস্ত্রের মুখে বেঁধে রেখে হত্যার ভয় দেখিয়ে তার সামনেই মেয়েকে ধর্ষণ করে লাতু মিয়া, ফারুক, জাহাঙ্গীর আলম ও কাশেম।“  

সংবাদ সম্মেলনে বলা হয়, চারজনের চক্রটি বিভিন্ন সময়ে ওই কিশোরী এবং তার মাকে ‘কুপ্রস্তাব’ দিত। তাতে কাজ না হওয়া ২০০৩ সালের ১৩ মে গভীর রাতে তারা চারজন মিলে ওই ঘটনা ঘটায়।   

কিশোরীর মা পরদিন সোনাগাজী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। সেই মামলায় গ্রেপ্তার হয়ে লাতুসহ চারজন কিছুদিন জেলও খাটেন। কিন্তু পরে জামিনে বের হয়ে ফারুক ছাড়া অন্য তিনজন পালিয়ে যান। ফারুক নিয়মিত আদালতে হাজিরা দিতেন। 

দীর্ঘ ১৯ বছর পর ২০২২ সালের ১৪ জুলাই ওই ধর্ষণ মামলার রায়ে জাহাঙ্গীর আলম, আবুল কাশেম ও মো. লাতু মিয়াকে মৃত্যুদণ্ড দেন বিচারক। আর অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় খালাস পান ফারুক। 

এর মধ্যে জাহাঙ্গীর আলম, আবুল কাশেমকেও গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। সর্বশেষ লাতু র‌্যাবের হাতে ধরা পড়লেন। 

র‍্যাব কর্মকর্তা আরিফ জানান, ২০০৩ সালে ওই ধর্ষণের ঘটনার পর জেল থেকে জামিনে বেরিয়েই লাতুর পলাতক জীবন শুরু হয়। তিনি প্রথমে চট্টগ্রামে গিয়ে রিকশা চালকের পেশা বেছে নেন। কিছুদিন বাদে চুরি ডাকাতিতে জড়িয়ে পড়েন। 

এর মধ্যে একটি ডাকাতির ঘটনায় গ্রেপ্তার হয়ে জেলও খাটেন লাতু। ওই সময় আইনশৃঙ্খলা বাহিনীর কাছে লাতুর ধর্ষণ মামলার তথ্য ছিল না। 

পরে ডাকাতির মামলায় জামিনে বেরিয়ে বিভিন্ন আবারও পালিয়ে যান লাতু। বিভিন্ন আত্মীয়-স্বজনের বাসায় থাকতে শুরু করেন। তবে মাঝেমধ্যে ফুলগাজীতে গিয়ে লুকিয়ে স্ত্রী সন্তানের সঙ্গে দেখা করে, তাদের কাছ থেকে টাকাপয়সা নিয়ে আসতেন। 

এরপর লাতুর জীবন শুরু হয় সিলেটে মাজার এলাকায়; ওই সময়ে নিজেকে ‘অলি নবী’ দাবি করতেন তিনি। 

কিছুদিন বাদে সিলেটের পাট চুকিয়ে ঢাকায় এসে ফুটপাতে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি করা শুরু করে করেন লাতু। পরে হকারি ছেড়ে বাসাবাড়িতে দারোয়ানের চাকরিও করেন। শেষ পর্যন্ত বাড্ডা থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব।