২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হিমাগারে আলুতে পচন, সড়কে ঢেলে ক্ষতিপূরণের দবি

ধারণক্ষমতার বেশি রাখায় আলুতে পচন ধরেছে বলে অভিযোগ চাষিদের। ক্ষতিপূরণ না পেলে তারা আইনের আশ্রয় নেওয়ার হুমকি দেন।

হিমাগারে আলুতে পচন, সড়কে ঢেলে ক্ষতিপূরণের দবি

আলু চাষি ও ব্যবসায়ীরা ঠাকুরগাঁও শহরের বাসস্ট্যান্ড এলাকায় ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কে আলু ঢেলে অবরোধ করেন।

মো. শাকিল আহমেদ

ঠাকুরগাঁও প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2022, 09:28 PM

Updated : 23 Aug 2022, 09:28 PM

হিমাগারে রাখা আলু পচে যাওয়ায় ক্ষতিপূরণের দাবিতে ঠাকুরগাঁওয়ে মহাসড়কে আলু ঢেলে অবরোধ করেছেন আলু চাষি ও ব্যবসায়ীরা।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে জেলা আলু চাষি ও ব্যবসায়ী কল্যাণ সমিতির ব্যানারে শহরের বাসস্ট্যান্ড এলাকায় ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়ক অবরোধ করা হয়।

ঘণ্টাব্যাপী সড়ক অবরোধের কারণে যান চলাচল বন্ধ হয়ে যায়; ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ ও যাত্রীরা।

কিছু সময় পর পুলিশের অনুরোধে রাস্তার এক লেনে আন্দোলন অব্যাহত রাখেন চাষি ও ব্যবসায়ীরা। এতে জেলার কয়েকশ কৃষক ও ব্যবসায়ী অংশ নেন।

আলু চাষি ও ব্যবসায়ীদের অভিযোগ, ধারণক্ষমতার বেশি রাখায় আলুতে পচন ধরেছে। ক্ষতিপূরণ না পেলে তারা আইনের আশ্রয় নেওয়ার হুমকি দিয়েছেন।

তবে হিমাগার কর্তৃপক্ষ বলছে, আবহাওয়া অনুকূলে না থাকায় আলুতে পচন ধরেছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, জেলায় এবার ২৭ হাজার ৬৭৭ হেক্টর জমিতে আলুর আবাদ হয়; উৎপাদন হয়েছে ৭ লাখ ৪০ হাজার ৫৮৪ টন আলু। জেলার ১৭টি হিমাগারে আলু সংরক্ষণের ধারণক্ষমতা ১ লাখ ৩৬ হাজার ৫৫০ মেট্রিক টন।

ক্ষতিগ্রস্ত কৃষক ও ব্যবসায়ীদের অভিযোগ, এ বছর প্রতিটি ৫০ কেজি আলুর বস্তা হিমাগারে সংরক্ষণের জন্য ভাড়া বাড়িয়ে ২৬০ টাকা নির্ধারণ করেছে হিমাগার কর্তৃপক্ষ। এ ভাড়া কমানোর দাবিতে ঠাকুরগাঁওয়ে আন্দোলন করেও লাভ হয়নি। তাই অধিক ভাড়া দিয়ে তারা হিমাগারে আলু রেখেছেন। তারপরও আলু পচে যাওয়ায় ক্ষুব্ধ কৃষক ও ব্যবসায়ীরা।

Image

আলু চাষি ও ব্যবসায়ীরা ঠাকুরগাঁও শহরের বাসস্ট্যান্ড এলাকায় ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কে আলু ঢেলে অবরোধ করেন।

সদরের সালন্দর ইউনিয়নের কৃষক সাইদুর রহমান বলেন, “২৫ বিঘা জমিতে এবার আলুর আবাদ করেছি। ফলনও অনেক ভালো হয়েছে। প্রায় দেড় হাজার বস্তা আলু হিমাগারে সংরক্ষণ করেছি অতিরিক্ত ভাড়া দিয়ে। কিন্তু এখন আমার আলুগুলোতে পচন ধরেছে; এই দায় কে নেবে?”

ব্যবসায়ী মজিবর রহমান বলেন, “হিমাগারগুলোতে ধারণ ক্ষমতার বেশি আলু রেখেছে হিমাগার কর্তৃপক্ষ। ৬ বস্তার ‘খামালের’ জায়গায় ৯ বস্তার ‘খামাল’ করেছে। এ কারণে আলুতে পচন ধরেছে। আমাদের দাবি ক্ষতিপূরণ দিতে হবে।”

কৃষক ও আলু ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সিন্ডিকেট করে হিমাগার কর্তৃপক্ষ পরিমাণের চেয়ে বেশি করে আলু সংরক্ষণ করেছে। কৃষকদের সাথে আমরাও রয়েছি। কৃষক ও ব্যবসায়ীদের দাবি হলো ক্ষতিপুরণ দিতে হবে। হিমাগার কর্তৃপক্ষ বিষয়টির সুরহা না করলে আমরা আদালতের স্মরণাপন্ন হব।”

বুধবার ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয় ঘেরাও ও স্মারকলিপি প্রদান করা হবে বলে সড়ক অবরোধ থেকে ঘোষণা দেওয়া হয়েছে।

বিষয়টি নিয়ে কথা বলতে ঠাকুরগাঁও হিমাগার মালিক অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আব্দুল্লাহ ও সাধারণ সম্পাদক সোহেল রানার সঙ্গে যোগাযোগ করা হলে তারা ফোন ধরেননি।

তবে জেলার ‘রাহবার’ হিমাগারের ম্যানেজার মনোজ ঘোষ বলেন, “আমাদের হিমাগারের ধারণক্ষমতা ১০ হাজার মেট্রিক টন। এই ধারণক্ষমতার মধ্যেই আলু রাখা হয়েছে।”

‘শাহী’ হিমাগারের ম্যানেজার ফজলুর রহমান বলেন, “ধারণক্ষমতার বাইরে আলু হিমাগারে সংরক্ষণ করা হয়নি। আবহাওয়া খারাপ হওয়ার কারণে আলুতে পচন ধরেছে।”

‘সমবায়’ হিমাগারের পরিচালক দুলাল হোসেন বলেন, “আমাদের হিমাগারে পরিমাণ অনুযায়ী আলু রাখা হয়েছে। আমাদের কোনো আলু নষ্ট হয়নি। তবে কৃষক ও ব্যবসায়ীরা আলু পচনের ক্ষতিপূরণের দাবিতে যে আন্দোলন করছেন – আমি মনে করি প্রশাসনের এটি খতিয়ে দেখা দরকার।”

এ বিষয়ে ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো. মাহাবুবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আলু সংরক্ষের ক্ষেত্রে যদি কোনো ত্রুটি থাকে তাহলে সেটি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।