ইউটার্ন নিতে গিয়ে ট্রাকের নিচে বাইক, ২ আরোহী নিহত
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রায়মনি এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।
ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় মিকচার ট্রাকের নিচে পড়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শনিবার রাত সাড়ে ৭টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার রায়মনি এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে ত্রিশাল থানার ওসি মাইন উদ্দিন জানান।
নিহতরা হলেন- নেত্রকোণার আটপাড়া উপজেলার মতি মিয়ার ছেলে রয়েল কাজী (৩৫) এবং চাঁদপুরের উত্তর মতলব উপজেলার ফয়েজ উদ্দিনের ছেলে মো. আশিক (৩০)।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, মোটরসাইকেলটি ঢাকা থেকে ময়মনসিংহের দিকে আসছিল। রায়মনি এলাকায় ইউটার্ন নেওয়ার সময় সেটি ঢাকাগামী একটি মিকচার ট্রাকের নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যায়।
ওসি বলেন, মরদেহ পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
