২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে আগুন দেখতে যাওয়ার পথে প্রাণ গেলো দুই জনের

শ্যামগঞ্জ মধ্যবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর পেয়ে সিএনজি অটোরিকশাচালক হুমায়ুনসহ পাঁচ জন শ্যামগঞ্জের উদ্দেশ্যে রওনা হন।

ময়মনসিংহে আগুন দেখতে যাওয়ার পথে প্রাণ গেলো দুই জনের

চরপাড়া মাদ্রাসা এলাকায় বালু বোঝাই ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2023, 09:45 AM

Updated : 23 Mar 2023, 09:45 AM

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার শ্যামগঞ্জ বাজারে লাগা আগুন দেখতে যাওয়া পথে ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে প্রাণ হারিয়েছেন দুই জন।

বুধবার রাত সোয়া ১১টার দিকে ময়মনসিংহ-নেত্রকোণা সড়কের সিধলা ইউনিয়নের চরপাড়া মাদ্রাসা এলাকায় এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন গৌরীপুর থানার ওসি মাহমুদুল ইসলাম।

নিহতরা হলেন, উপজেলার সিধলা ইউনিয়নের বেলতলী দক্ষিণপাড়া এলাকার রশিদের ছেলে সিএনজিচালক হুমায়ুন (২০) এবং একই ইউনিয়নের বেলতলী মধ্যপাড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে রুবেল মিয়া (৩২)।

এই ঘটনায় সাইদুল (৩০), কালাচাঁন (৩২), শামছু (৫০) নামে তিন জন আহত হয়েছেন।

স্থানীয়দের বরাতে ওসি মাহমুদুল ইসলাম বলেন, বুধবার রাত সোয়া ১০টার দিকে শ্যামগঞ্জ মধ্যবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এমন খবর পেয়ে সিএনজি অটোরিকশাচালক হুমায়ুনসহ পাঁচ জন শ্যামগঞ্জের উদ্দেশ্যে রওনা হন।

“পথে চরপাড়া মাদ্রাসা এলাকায় যেতেই বিপরীত দিক থেকে আসা বালু বোঝাই ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই হুমায়ুন মারা যায়।

“গুরুতর আহত অবস্থায় রুবেল মিয়াকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।”

অন্য আহতরা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

ওসি আরও বলেন, ঘটনার পর চালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করা হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন

পুরনো খবর:

আড়াই ঘণ্টার আগুনে পুড়ল ময়মনসিংহে শ্যামগঞ্জ বাজার