রাঙামাটিতে মঙ্গলবার থেকে ৩২ ঘণ্টা হরতালের ডাক
পাহাড়ের বাঙালিভিত্তিক সংগঠন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ এই হরতালের ডাক দিয়েছে।
পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের বৈঠককে কেন্দ্র করে রাঙামাটিতে ৩২ ঘণ্টা হরতালের ডাক দিয়েছে পাহাড়ের বাঙালিভিত্তিক সংগঠন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ।
সোমবার দুপুরে রাঙামাটি শহরের এক রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন সংগঠনের চেয়ারম্যান কাজী মুজিবুর রহমান।
তিনি বলেন, “বুধবার রাঙামাটি শহরে ভূমি কমিশনের অস্থায়ী কার্যালয়ে ভূমি নিষ্পত্তি বিষয়ক বৈঠক আহ্বান করা হয়েছে। এ বৈঠক পার্বত্য চট্টগ্রামের মানুষের ভূমি অধিকার নিয়ে ষড়যন্ত্রের একটি অংশ।
“তাই মঙ্গলবার সকাল ৬টা হতে পরদিন বুধবার দুপুর ২টা পর্যন্ত ৩২ ঘণ্টা হরতাল আহ্বান করছি। আমরা এই বৈঠককে প্রত্যাখ্যান করছি।”
রাঙামাটি শহরের পার্বত্য জেলা পরিষদ ভবনের নীচতলায় বুধবার ভূমি কমিশনের অস্থায়ী কার্যালয়ে পার্বত্য ভূমি নিষ্পত্তি বিষয়ক সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পাহাড়ে ভূমি বিরোধ সমস্যা সমাধানের জন্য পার্বত্য শান্তি চুক্তি অনুসারে একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে গঠিত হয় এই কমিশন।
সংবাদ সম্মেলনে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের মহাসচিব আলমগীর কবির বলেন, “আমরা বিভিন্ন সময়ে দফায় দফায় ভূমি কমিশনের সঙ্গে বৈঠক করেছি। তাদের আইন সংশোধনের আহ্বান করেছি এবং বিভিন্ন প্রস্তাব দিয়েছি। তারা কোনো কিছু না মেনে নিজেদের খেয়াল খুশি মতো, আঞ্চলিক দলগুলোর ইচ্ছায় কাজ করছে। তাই আমরা এ কমিশনের বাতিল চাই।”
নেতারা এ সময় সাতটি দাবি তুলে ধরেন- ভূমি কমিশনে সকল জাতিগোষ্ঠীর প্রতিনিধিত্ব রাখা,বিরোধ নিষ্পত্তি কার্যক্রম শুরুর আগে ভূমি জরিপ করা,সংবিধানের সঙ্গে সাংর্ঘষিক ভূমি কমিশনের ২০১৬ সালের সংশোধনী বাতিল,দেশের প্রচলিত ভূমি আইনে বিরোধ নিষ্পত্তি,কমিশনের কারণে ভূমিচ্যুতদের পার্বত্য চট্টগ্রামের খাস জমিতে পুনর্বাসন, ‘তথাকথিত’ রীতিনীতি প্রথার বদলে বিদ্যমান ভূমি আইনের প্রয়োগ ও ইতোপূর্বে বন্দোবস্তি বা কবুলিয়ত পাওয়া কাউকে ভূমির মালিকানা থেকে উচ্ছেদ না করা।
এ সময় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নেতা মো. আবু বক্কর, মো. সোলাইমান উপস্থিত ছিলেন।
