২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২০ শিক্ষার্থীকে বেত্রাঘাত, একজন হাসপাতালে

জামালপুরে শিক্ষার্থীদের বেত্রাঘাতের পর ওই শিক্ষককে অভিভাবকদের হাতে লাঞ্ছিত হতে হয়েছে।

২০ শিক্ষার্থীকে বেত্রাঘাত, একজন হাসপাতালে

সহকারী প্রধান শিক্ষক শফিকুল ইসলাম।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2022, 01:26 AM

Updated : 25 Aug 2022, 03:49 PM

জামালপুরের মেলান্দহে একটি বিদ্যালয়ের শ্রেণিকক্ষে অন্তত ২০ জন শিক্ষার্থীকে বেত্রাঘাত করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এই শিক্ষার্থীদের মধ্যে একজনকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে।

বুধবার দুপুরে ফুলকোচা ইউনিয়নের ফুলকোচা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণিতে ইংরেজি বিষয় পাঠদানের সময় সহকারী প্রধান শিক্ষক শফিকুল ইসলাম শিক্ষার্থীদের বেত্রাঘাত করেন বলে আহতদের অভিযোগ।

এদিকে ঘটনাটি শোনার পর বিক্ষুব্ধ অভিভাবকরা ওই শিক্ষককে লাঞ্ছিতও করেছে বলে জানিয়েছেন বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও মেলান্দহ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. কামরুজ্জামান।

জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ১৫ বছর বয়সী ওই শিক্ষার্থী সাংবাদিকদের বলেন, সহকারী প্রধান শিক্ষক শফিকুল ইসলাম চতুর্থ ঘণ্টায় ইংরেজি ক্লাসে এসে কে কে পড়া শিখে আসেনি, তা জানতে চান। ৩০-৩৫ জন শিক্ষার্থী পড়া শিখে আসেনি বলে দাঁড়ায়। তখন প্রথমে ৪/৫ জন শিক্ষার্থীকে কাছে ডেকে নিয়ে বেত দিয়ে পেটান শিক্ষক শফিকুল। এরপর নিজেই অন্যদের কাছে গিয়ে একে একে ২০-২৫ জনকে পেটান।

ওই শিক্ষার্থী বলেন, “শফিকুল স্যার যখন মারধর করছিল, তখন অনেকেই কান্নাকাটি করছিল। সবাই ভয়ে থরথর করে কাঁপছিল। পিঠ, হাতসহ শরীরের বিভিন্ন স্থানে বেত মারে।”

এই কিশোরীর বাবা এই ঘটনার বিচার দাবি করেছেন। তিনি বলেন, “আমার মেয়েকে হাসপাতালে জরুরি বিভাগের আনার পর নার্সরা গুনে দেখেছেন, বেতের আঘাতে অন্তত ১৫টি স্থানে মারাত্মক ক্ষত সৃষ্টি হয়েছে। তার শরীরে জ্বর এসেছে।”

এ বিষয়ে কথা বলতে শিক্ষক শফিকুল ইসলামের মোবাইলে একাধিকবার কল করা হলেও তিনি ফোন ধরেননি।

বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ফজলুর রহমান সাংবাদিকদের বলেন, “শিক্ষক শফিকুল ইসলাম মন্ত্রণালয়ের নির্দেশনা উপেক্ষা করে শিক্ষার্থীদের বেত্রাঘাত করেছেন। কাজটি ঠিক করেননি তিনি।

“এ ঘটনায় বিক্ষুব্ধ শিক্ষার্থীদের কয়েকজন অভিভাবক বিদ্যালয়ে এসে শিক্ষক শফিকুল ইসলামকে লাঞ্ছিত করেছেন। ঘটনাটির বিচারের দায়িত্ব নিয়েছেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি।”

সভাপতি কামরুজ্জামান সাংবাদিকদের বলেন, “আমি শুনেছি যে শিক্ষার্থীদের বেত্রাঘাতের পর অভিভাবকরাও ওই শিক্ষককে লাঞ্ছিত করেছে। সব পক্ষের সাথে কথা বলে বিষয়টি বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।”

জামালপুর জেলা শিক্ষা কর্মকর্তা মনিরা মুস্তারী ইভা সাংবাদিকদের প্রশ্নে বলেন, তিনি ঘটনাটি জানেন না। খোঁজ নিয়ে দ্রুত ব্যবস্থা নেবেন।