কুষ্টিয়ায় যুবককে কুপিয়ে হত্যা
স্থানীয়রা জানায়, এলাকার আধিপত্য বিস্তারের দ্বন্দে কয়েকদিন আগে বাটুল স্থানীয় মুস্তাককে মারধর করেছিলেন।
কুষ্টিয়ার দৌলতপুরে আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে এক ব্যক্তি।
বুধবার সন্ধ্যায় উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান কামারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রিন্টু হোসেন বাটুল (৩০) একই গ্রামের বীর মুক্তিযোদ্ধা ঝন্টু কামারের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, এলাকার আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরেই দুটি পক্ষের মধ্যে বিরোধ চলছিল। কয়েকদিন আগে বাটুল স্থানীয় হাসিব মেম্বারের ছেলে মুস্তাককে মারধর করেন।
এলাকাবাসীর বরাতে দৌলতপুর থানার ওসি মজিবুর রহমান জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাগোয়ান কামারপাড়ায় একটি দোকানের পাশে বাটুল দাঁড়িয়েছিলেন।
“তখন মুস্তাক পেছন থেকে ধারালো অস্ত্র দিয়ে তাকে উপর্যুপরি কুপিয়ে রক্তাক্ত জখম করে। গুরুতর আহত বাটুলকে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”
বাটুলের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজনার সৃষ্টি হয়। সংবাদ পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
ঘটনার পর থেকে মুস্তাক পলাতক রয়েছেন; তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে বলে ওসি জানান।
ওসি আরও জানান, বাটুলের লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনও কাউকে আটক করা যায়নি।
