বরিশালে ১২ বাইকে অগ্নিসংযোগ: পাল্টাপাল্টি মামলা, স্বতন্ত্রর ৩ কর্মী গ্রেপ্তার
স্বতন্ত্র প্রার্থীর মেয়ে এবং নৌকার সমর্থক আমিনুল ইসলাম বাদী হয়ে পাল্টাপাল্টি মামলা করেছেন বলে জানান ওসি।
বরিশাল-২ আসনে মিছিলে হামলা, ভাঙচুর, মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনায় ১৪ দলীয় জোটের প্রার্থী এবং স্বতন্ত্র প্রার্থীর সমর্থকেরা পাল্টাপাল্টি মামলা করেছেন। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থীর তিন কর্মী গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার বানারীপাড়া থানার ওসি মাইনুল ইসলাম জানান, মঙ্গলবার রাতে পৃথক দুইটি মামলা হয়েছে। নৌকার সমর্থকের করা মামলা ঈগল প্রতীকের প্রার্থীর তিন কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তাররা হলেন- সাইজুদ্দিন, মিরাজ ও মন্টু।
উজিরপুর ও বানারীপাড়া উপজেলা নিয়ে গঠিত এই আসনে স্বতন্ত্র প্রার্থী এ কে ফাইয়াজুল হক রাজু। আর নৌকার প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ১৪ দলীয় জোটের প্রাথী বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।
ওসি মাইনুল ইসলাম বলেন, মঙ্গলবার দুপুরে উপজেলার বাইশারী কলেজ এলাকায় স্বতন্ত্র প্রার্থী এ কে ফাইয়াজুল হক রাজুর কর্মীদের সঙ্গে নৌকার কর্মী সমর্থদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এ সময় ১২টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ এবং চারটি ভাঙচুর করা হয়।
“এ ঘটনায় দুই পক্ষ পরস্পরের বিরুদ্ধে অভিযোগ করে। রাতে দুই পক্ষ থানায় লিখিত অভিযোগ দেয়। দুই পক্ষের অভিযোগ মামলা হিসেবে রুজু হয়। পুলিশ দুই পক্ষের অভিযোগ তদন্ত করছে।”
তিনি আরও বলেন, স্বতন্ত্র প্রার্থীর মেয়ে তাহরিন হক বাদী হয়ে একটি এবং প্রতিপক্ষ নৌকার সমর্থক আমিনুল ইসলাম বাদী হয়ে আরেকটি মামলা করেন।
তাহরিন হকের মামলায় ১৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৪০ থেকে ৫০ জনকে আসামি করা হয়েছে।
অন্যদিকে, আমিনুল ইসলামের মামলায় ২৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৪০ থেকে ৪৫ জনকে আসামি করা হয়েছে বলে জানান ওসি।
এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী এ কে ফাইয়াজুল হক রাজু বলেন, “হামলায় আমার ৪০ কর্মী আহত হয়েছেন।”
বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক দাবি করেছেন, স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের হামালায় নৌকার প্রতীকের ৯ কর্মী আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
